কবি রফিক আজাদকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য কবি রফিক আজাদকে বিদেশে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ১২ জন বিশিষ্ট ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অনুরোধ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি রফিক আজাদ। শুধু কবি হিসেবে নয়, দেশমাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অকুতোভয় সৈনিক হিসেবে তিনি লড়েছেন। এই মহান মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক কবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে সংকটাপন্ন অবস্থায় আছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানো জরুরি। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, অবিলম্বে কবিকে উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানো প্রয়োজন।’
বিবৃতিতে সই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি বেলাল চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, সমরেশ দেবনাথ, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শিশুসাহিত্যিক সুকুমার বড়ুয়া, সাংবাদিক সোহরাব হাসান ও জাহীদ রেজা নূর।