কবি রফিক আজাদের দাফন আজ

কবি, মুক্তিযোদ্ধা রফিক আজাদ এখন ঘুমিয়ে আছেন রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারে। আজ সোমবার কবিকে অন্তিম
শ্রদ্ধা জানাবেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তারপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রথম আলোকে বলেন, কবি রফিক আজাদের মরদেহ আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে তাঁর একসময়ের কর্মস্থল বাংলা একাডেমিতে। একাডেমির নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন শেষে জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কবির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কবির ভ্রাতুষ্পুত্রী নীরু শামসুন্নাহার জানান, কানাডাপ্রবাসী ছেলে অভিন্ন আজাদ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আজ সোমবার সকালেই তাঁর দেশে ফেরার কথা।
এদিকে বাংলা একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাংলা একাডেমি এবং জাতীয় কবিতা পরিষদের যৌথ আয়োজনে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি রফিক আজাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় সভাপতিত্ব করবেন লেখক সৈয়দ শামসুল হক। ৫৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।