কবি রফিক আজাদের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত
ফাল্গুনের প্রথম বিকেলে উদ্যাপিত হলো কবি রফিক আজাদের ৭৫তম জন্মবার্ষিকী। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
স্মৃতি পর্ষদের সভাপতি কবি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘তিনি একজন মহৎ কবিই ছিলেন না, একজন সৎ মানুষও ছিলেন। তিনি দেশ ও মানুষকে ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন কবিতাকে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাঝ দিয়ে বাংলাদেশে যে নতুন সাহিত্য গড়ে উঠল, তা পশ্চিমবঙ্গের সাহিত্য থেকে আলাদা, বিশেষ করে কবিতা। দীর্ঘকাল উপেক্ষিত আমাদের এই অঞ্চলের মানুষের জীবনের কথা, তাঁদের আবেগ, তাঁদের অনুভূতি যে কয়জন লেখক সৃজনশীল মানুষ তুলে ধরেছেন, রফিক আজাদ তাঁদের মধ্যে অন্যতম।’
অনুষ্ঠানে ভবিষ্যতে রফিক আজাদের লেখনী প্রকাশ করার কথা জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, কবিপত্নী অনুমতি দিলে রফিক আজাদের রচনাবলি বাংলা একাডেমি প্রকাশ করবে। আরও বক্তব্য দেন কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি আবু হাসান শাহরিয়ার, কবি মুহাম্মদ সামাদ ও আনোয়ারা সৈয়দ হক। বাবার স্মৃতিচারণা করেন কবিপুত্র অভিন্ন আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন দিলারা হাফিজ।