কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৫৯তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আজ ১৬ অক্টোবর কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৫৯তম জন্মবার্ষিকী। সত্তরের দশকের অন্যতম প্রতিনিধি এই কবি পাঠকের কাছে পরিচিত তারুণ্য ও দ্রোহের প্রতীক হিসেবে।
দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালি আজ শুক্রবার কবির গ্রামের বাড়ি মংলার মিঠেখালিতে সকালে শোভাযাত্রা সহকারে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। সন্ধ্যায় সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্রসংগীত অনুষ্ঠিত হবে।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তাঁর কবিতায় ধারণ করেছেন দ্রোহ, প্রেম ও স্বপ্নের শৈল্পিক ভাষ্যকে। তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং জনপ্রিয় হওয়া ‘ভালো আছি ভালো থেকো’সহ ৫০টির বেশি গান রচনা ও তাতে সুরারোপ করেছেন।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ সালে বাবার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যচর্চা শুরু হয় স্কুল থেকেই। এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক এই কবি আন্দোলনের অংশ হিসেবেই গড়ে তোলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৯৯১ সালের ২১ জুন ৩৪ বছর বয়সে মারা যান রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।