কবি রুদ্রর ৫৪তম জন্মবার্ষিকী পালন
বাগেরহাটের মংলার মিঠাখালীতে প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৫৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার রুদ্রর জন্মবার্ষিকী উপলক্ষে কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে নানা কর্মসূচি পালন করেছে রুদ্র স্মৃতি সংসদ।গতকাল সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক স্মরণসভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, রুদ্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মংলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইনামুল হক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংসদের সহসভাপতি গোলাম মহম্মদ। প্রসঙ্গত, মাত্র ৩৪ বছর বয়সে ১৯৯১ সালের ২১ জুন এই কবির অকালে মৃত্যু হয়।