
কবি শহীদ কাদরী আর নেই। নিউইয়র্কের একটি হাসপাতালে গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন। কবি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছিলেন।
শহীদ কাদরীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আমর আশরাফ প্রথম আলোকে জানিয়েছেন, শনিবার মধ্যরাতেও কবি সুস্থ ছিলেন। তিনি এতটাই সুস্থ ছিলেন যে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সরিয়ে হাসপাতালের নিয়মিত শয্যায় স্থানান্তর করা হয়। চিকিৎসক আমর আশরাফের সঙ্গে শেষ কথা বলার সময় শহীদ কাদরী হাসিখুশি ছিলেন।
ডা. আশরাফ জানিয়েছেন, আইসিইউ থেকে সরিয়ে নেওয়ার সময় শহীদ কাদরীর শরীর থেকে কার্ডিয়াক মনিটর সরিয়ে নেওয়া হয়। এর ফলে তাঁর শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। গতকাল সকালে স্বাস্থ্যকর্মীরা এসে দেখেন তাঁর শ্বাসযন্ত্র ঠিকভাবে কাজ করছে না। তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। চিকিৎসক জানিয়েছেন, শ্বাসতন্ত্রের জটিলতায় শহীদ কাদরীর মৃত্যু হয়েছে।
এক সপ্তাহ আগে নিম্ন রক্তচাপ ও আন্ত্রিক রক্তক্ষরণের কারণে শহীদ কাদরীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থ হওয়ার পথে ছিলেন। শনিবার রাতে তিনি শুভানুধ্যায়ীদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা বলেন। সব সময়ই কবির পত্নী নীরা কাদরী তাঁর শয্যার পাশে ছিলেন। গতকাল সকালে মৃত্যুর সময় কবি একাই ছিলেন। ১৪ আগস্ট সাড়ম্বরে তাঁর জন্মদিন পালন করা হয়েছিল।
এই রিপোর্ট লেখার সময় কবি শহীদ কাদরীর লাশ হাসপাতালের মর্গে নেওয়ার প্রস্তুতি চলছিল। কবির মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলে তাঁর একমাত্র ছেলে আদনান কাদরী জানিয়েছেন।
শোক : কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, শহীদ কাদরীর মৃত্যুতে আধুনিক বাংলা কবিতা এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। তিনি কবির আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। কবির মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত এক বিবৃতিতে শহীদ কাদরীর মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলা কবিতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
আরও পড়ুন