কবি শহীদ কাদরীর মরদেহ আসবে কাল

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি শহীদ কাদরীর মরদেহ ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল বুধবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে কবির মরদেহ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে। গত রোববার তিনি ইন্তেকাল করেন।
গতকাল সোমবার জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ প্রথম আলোকে জানান, কবির পরিবারের সঙ্গে তাঁরা কথা বলে জেনেছেন বুধবার তাঁর মরদেহ ঢাকায় আনা হবে। তিনি বলেন, বিমানবন্দর থেকে কবির মরদেহ বেলা ১১টায় বাংলা একাডেমিতে আনা হবে। এখানে শ্রদ্ধা নিবেদনের পর সাড়ে ১১টায় আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে অন্তিম শয়ানে শায়িত করা হবে। শ্রদ্ধা নিবেদন পর্বের ব্যবস্থাপনা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কবি শহীদ কাদরী স্বাধীনতার পর ১৯৭৮ সাল থেকে প্রবাসে বাস করছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছিলেন। বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন।