কবি শামসুর রাহমানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কবিতার খাতায় একসময় প্রেমের কবিতা, সময়ের কবিতা, দেশের কবিতা, দ্রোহের কবিতা লেখা হয়েছে, সে খাতায় কবির হাতের ছোঁয়া পড়েনি গত সাতটি বছর। পড়বে না আর কখনোই। যিনি লিখতেন, তিনি নেই। কবি শামসুর রাহমান চলে গেছেন চিরতরে।গতকাল ১৭ আগস্ট শনিবার ছিল কবি শামসুর রাহমান চিরবিদায়ের সপ্তম বার্ষিকী। ২০০৬ সালে নিজের প্রিয় শহর ঢাকাতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সকালে শামসুর রাহমান স্মৃতি পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন বনানীতে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সেখানে পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, শামসুর রাহমান স্মৃতি পরিষদের সম্পাদক কবি মুহাম্মদ সামাদ প্রমুখ। বিকেলে কবির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন লালমাটিয়ার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফাতেমা বেগম। প্রধান অতিথি ছিলেন আশরাফুন নেছা মোশারফ। আলোচনায় বক্তারা বলেন, বাঙালির জাতিসত্তা, সমাজজীবন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতিকে শামসুর রাহমান শিল্পের মাধুর্যকে ছড়িয়ে গেছেন বিশ্বময়। এ ছাড়া ঢাকাস্থ নরসিংদী জেলা ফোরাম স্মরণসভার আয়োজন করে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক কামাল হোসেন মাহমুদ। বক্তারা নরসিংদীতে কবির স্মৃতি রক্ষায় স্মৃতি ভাস্কর্য নির্মাণ এবং কবির পৈতৃক ভিটা পাড়াতুলী গ্রামের সঙ্গে রায়পুরা উপজেলার সড়কটি কবির নামে নামকরণের দাবি জানান।