কবি শামসুর রাহমানের আজ জন্মদিন
কবি শামসুর রাহমানকে ছাড়াই আজ রোববার পালিত হবে তাঁর ৮২তম জন্মদিন। কবি নেই, কিন্তু তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে সমাসীন করে রেখেছে বাঙালি। দিনটি পালনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।সমকালীন বাংলা ভাষার প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিন উপলক্ষে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং একাডেমীর কর্মকর্তারা আজ সকালে কবির বাসভবনে রাখা প্রতিকৃতি ও বনানী গোরস্তানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া কবি শামসুর রাহমানকে নিয়ে একাডেমী তাদের পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করবে। এ ছাড়া সকালে বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত শামসুর রাহমান স্মারক গ্রন্থ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে অধ্যাপক কবীর চৌধুরীর বাসায়।কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। এ ছাড়া স্বাধীনতা পদক, একুশে পদক, আদমজী পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, পদাবলী সাহিত্য পুরস্কার, আবুল মনসুর আহমদ পুরস্কার, মিৎসুবিশি (জাপান) পুরস্কার পেয়েছেন কবি। তিনি ২০০৬ সালের ১৬ আগস্ট মৃত্যুবরণ করেন।আজকের কর্মসূচি: কবির জন্মদিন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের আয়োজনে বিকেল পাঁচটায় আলোচনা, নৃত্য ও সংগীতের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কবির বই নিয়ে সাত দিনের মেলার আয়োজন করেছে বইবন্ধু সংঘ। শাহবাগের গণগ্রন্থাগার চত্বরে আয়োজিত এ মেলা আজ সকাল ১০টায় উদ্বোধন করা হবে।