কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামসুর রাহমান
কবি শামসুর রাহমান

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আজ ২৩ অক্টোবর। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্ম নিয়েছিলেন। এ উপলক্ষে আজ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছে।
আধুনিক বাংলা কাব্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের পড়াশোনায় হাতেখড়ি পোগোজ স্কুলে। ঢাকা নগরেই তাঁর বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফুটে উঠেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ তাঁর প্রকাশিত গ্রন্থ শতাধিক। পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি ইন্তেকাল করেন।
জন্মদিনের আয়োজন: কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আজ ২৩ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে বাংলা একাডেমির রবীন্দ্রচত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শামসুর রাহমান স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন লেখক সৈয়দ শামসুল হক, রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি, কবিকণ্ঠে নিবেদিত কবিতা, নৃত্য ও সংগীত পরিবেশিত হবে।