কবি শামসুর রাহমানের ৮৩তম জন্মদিন আজ
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৩তম জন্মদিন আজ। এ বছর কবির জন্মদিন পালন করা হচ্ছে তাঁর নামে প্রবর্তিত পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। শামসুর রাহমান স্মৃতি পরিষদ এই কবিতায় বিশেষ অবদান রাখার জন্য এক লাখ টাকা অর্থমানের এই পুরস্কার প্রবর্তন করেছে। শামসুর রাহমান স্মৃতি পরিষদের সম্পাদক কবি মুহাম্মদ সামাদ জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় বাংলা একাডেমীর নবনির্মিত ভবনের নিচতলায় সেমিনারকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। প্রথমবার শামসুর রাহমান স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি আবুল হোসেন। এই অনুষ্ঠানে কবি পরিবারের সদস্যরা অংশ নেবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তৃতা দেবেন মুহাম্মদ সামাদ। শামসুর রাহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। পুরস্কারপ্রাপ্ত কবি আবুল হোসেনের সম্পর্কে আলোচনা করবেন কবি বেলাল চৌধুরী। মানপত্র পাঠ করবেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নিবেদিত কবিতা পাঠ। এতে অংশ নেবেন রবিউল হুসাইন, রুবী রহমান, হাবিবুল্লাহ সিরাজী ও কবির নাতনি দীপিতা রহমান। শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করবেন লায়লা আফরোজ, শাহাদৎ হোসেন ও রফিকুল ইসলাম। সংগীত পরিবেশন করবেন মিতা হক, মহাদেব ঘোষ ও সুমারানী রায়। কবি শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে। ঢাকা নগরেই তাঁর বেড়ে ওঠা। তাই নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক। কবি শামসুর রাহমান দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন অনেক দিন ধরে। বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭) এবং স্বাধীনতা পদকসহ (১৯৯১) দেশে-বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি লিখেছেন আমৃত্যু। অংশ নিয়েছেন সাম্প্রদায়িকতাবিরোধী, সব গণতান্ত্রিক আন্দোলনে। কবি ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।