শাহাবুদ্দীন নাগরীসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার কবি এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীসহ (৬১) তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী নুরানি আকতার সুমি ও ব্যবসায়ীর গাড়িচালক সেলিম হোসেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক মাতলুবর রহমান এই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। তাতে বলা হয়, এ হত্যা মামলায় এই আসামিদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। ঘটনায় গভীর রহস্য আছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

১৩ এপ্রিল রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসা থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন কাজী শাহানা রহমান পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলা করেন। মামলার এজাহারে শাহাবুদ্দীন নাগরী ও ব্যবসায়ীর স্ত্রীকে আসামি করা হয়।

নুরুল ইসলাম হত্যা মামলার ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ আজ সোমবার ভোরে রাজধানীর নিকুঞ্জ থেকে শাহাবুদ্দিন নাগরীকে গ্রেপ্তার করে।