কবি সাংবাদিক আবুল মোমেনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সাবেক আবাসিক সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকালে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল মোমেনকে শুধু সহকর্মী হিসেবে নয়, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁরা পেয়েছেন। পেশাগত সমস্যার পাশাপাশি ব্যক্তিজীবনে নানা সমস্যায় তিনি বন্ধুর মতোই পরামর্শ দিয়েছেন।সংবর্ধনায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, প্রথম আলোর আজকের অবস্থানে আসার পেছনে অন্য অনেকের মতো আবুল মোমেনের অবদান রয়েছে। প্রথম আলো পরিবারের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও যোগাযোগ অটুট থাকবে। তিনি যে মূল্যবোধ ও নৈতিকতার কথা বলেন, প্রথম আলোর কর্মীদের কাজের মধ্যে তার প্রতিফলন ঘটাতে হবে। কর্মীরা যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারলে তাঁর শ্রম সার্থক হবে।প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, আবুল মোমেনের শান্ত, সৌম্য ব্যক্তিত্ব সব সময় তাঁর চারপাশের মানুষকে আকর্ষণ করে। তিনি প্রথম আলোতে না থাকলেও কর্মীদের সঙ্গে তাঁর বন্ধন অটুট থাকবে।যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, কর্মীদের কাছে তিনি ছিলেন আশ্রয়ের মতো। কর্মীদের মানোন্নয়নে তিনি পাঠচক্রও চালু করেছিলেন।সংবর্ধনার জবাবে আবুল মোমেন বলেন, মানুষ হিসেবে ভূমিকা রাখতে পারলে দেশের যেকোনো জায়গায় থেকেও সারা দেশের এমনকি বিশ্বনাগরিক হয়ে ওঠা সম্ভব। তিনি বলেন, কর্মস্থল পরিবর্তিত হলেও প্রথম আলোর সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি।এতে আরও বক্তব্য দেন হেড অব বিজনেস মো. আবু ইউসুফ, জ্যেষ্ঠ সহসম্পাদক শামশুল হক, জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল, সহসম্পাদক আহমেদ মুনির, সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদ, হিসাব কর্মকর্তা আশীষ দাশ প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে আবুল মোমেনের হাতে ফুল তুলে দেন প্রথম আলোর সম্পাদনা সহকারী এমিলিয়া খানম। এ সময় ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র ও যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী আবুল মোমেনের হাতে উপহারসামগ্রী তুলে দেন।