কবি সাইফুল বারী আর নেই
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা কবি সাইফুল বারী (৭৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন।
গতকাল শাহবাগ বেতার কেন্দ্রে, রমনা মসজিদে, বাংলাদেশ টেলিভিশনে এবং কারওয়ান বাজারের এটিএন বাংলার কার্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৫৭ সালে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে (এপি) যোগ দেওয়ার মধ্য দিয়ে সাইফুল বারীর কর্মজীবন শুরু হয়। তিনি রেডিও পাকিস্তানে কাজ করেন ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত।
পর্যায়ক্রমে তিনি বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রপতির প্রেস সচিব, সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আবদুল বারী ছিলেন বগুড়া পৌরসভার চেয়ারম্যান। তিনি দুই মেয়ে রেখে গেছেন।
সাইফুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব মর্তুজা আহমেদ, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নজরুল একাডেমি ও বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা।