কবি-সাহিত্যিকদের সিনেমার গল্প লেখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

কবি-সাহিত্যিকদের সিনেমার গল্প লেখায় এগিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর শিল্পী-কলাকুশলীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সাহিত্যিকেরা চলচ্চিত্রের গল্প লিখলে তা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। একটি সিনেমা দেখার পর সেটার রেশ নিয়ে যাতে বাড়ি ফেরা যায়, সে ধরনের গল্পের সিনেমা বানানো উচিত। তাই কবি-সাহিত্যিকদের চলচ্চিত্রের গল্প লেখায় এগিয়ে আসা দরকার।’

এ ছাড়া সম্মিলিতভাবে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নতমানের সিনেমা তৈরি করেন। যে সিনেমায় সমাজ, ঐতিহ্য, কৃষ্টি ধারণ করে, সরকার সব ধরনের সহযোগিতা করবে।’
এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান ও মাহফুজ আহমেদ। সেরা অভিনেত্রী জয়া আহসান এবং সেরা পরিচালকের পুরস্কার যুগ্মভাবে পান মোরশেদুল ইসলাম ও মো. রিয়াজুল মওলা রিজু।

চলচ্চিত্রের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ আজ সোমবার জাঁকালো এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে। এতে ২৫ বিভাগে নির্বাচিত ৩১ গুণী শিল্পীর হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।