কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ মে। যক্ষ্মায় আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের এই দিনে তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে সুকান্ত স্মৃতি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও সুকান্ত সেবা সংঘ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে । ১৯২৬ সালের ১৬ আগস্ট কলকাতার ৪২ মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সুকান্ত। জন্মের আগেই তাঁর পূর্বপুরুষেরা গোপালগঞ্জ ছেড়ে ভারতে যান। তাই দীর্ঘদিন ধরে কবির পৈতৃক ভিটায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত বছর থেকে সুকান্ত স্মৃতি সংসদ, উদীচী ও সুকান্ত সেবা সংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কবির মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। উনিশ শতকের গোড়াতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণজাগরণ শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বিপ্লববাদী ও কমিউনিস্ট আন্দোলনের ভেতর থেকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন সুকান্ত ভট্টাচার্য। ভারতের স্বাধীনতা সংগ্রাম, হিন্দু-মুসলমান বিরোধ, রুশ বিপ্লব সুকান্তের চেতনাকে গভীরভাবে নাড়া দেয়। ঘুম নেই, ছাড়পত্র, পূর্বাভাস সুকান্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।