কবি সুকান্ত মেলা শেষ
কবি সুকান্ত ভট্টাচার্য্যের পূর্বপুরুষদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে আয়োজিত দুই দিনের সুকান্ত মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসক খলিলুর রহমান কবির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বালন করে মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উনশিয়া গ্রামে কবির পূর্বপুরুষদের ওই বাড়িতে আলোচনা সভা হয়। পরে উদীচীর জেলা ও কোটালীপাড়া উপজেলা শাখা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাতে যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
গতকাল শেষ দিনে স্থানীয় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খায়রুল আলম খান প্রধান অতিথি ছিলেন। সন্ধ্যায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবির রচিত গান ও কবিতা পরিবেশন করেন।
জানা গেছে, কবির জন্ম ও মৃত্যু কলকাতায়। তবে ১৯৪৭-এর দেশ বিভক্তির আগে কবির পূর্বপুরুষেরা কোটালীপাড়ার উনশিয়া গ্রামে বাস করতেন। এবার দ্বিতীয়বারের মতো কবির বাড়িতে জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে মেলা আয়োজন করে।