কবি সুকান্তের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বপুররুষের এক একর এক শতাংশ জমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন গত ১৩ জুন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে চিঠি দিয়ে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পূর্বপুরুষের পৈর্তৃক জমি আছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় কবির পরিবার বসতভিটাসহ কিছু জমি ফেলে রেখে যায়। ধীরে ধীরে ওই জমি প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নেন। ১৯৯৬ সালে কোটালীপাড়ার কবি সুকান্ত সেবা সংঘের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উনশিয়া মৌজায় কবির পূর্বপূরুষের ফেলে যাওয়া মোট দুই একর চার শতাংশ জমি উদ্ধার করে খাস খতিয়ানভুক্ত করার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ্ মোস্তফা কামাল তদন্ত করেন। তদন্তকালে তিনি একই মৌজায় কবির পূর্বপুরুষদের আরও এক একর এক শতাংশ জমির সন্ধান পান। ২০০৬ সালে প্রথম সন্ধান পাওয়া দুই একর চার শতাংশ জমি উদ্ধার করে খাস খতিয়ানভুক্ত করা হয়। পরে ওই জমিতে সরকার কবি সুকান্তের নামে একটি মিলনায়তন ও পাঠাগার নির্মাণ করে। তবে পরে সন্ধান পাওয়া এক একর এক শতাংশ জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে গত ১৮ জানুয়ারি প্রথম আলোতে ‘কবি সুকান্তের পূর্বপুরুষের জমি উদ্ধার হয়নি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।