কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের আজ জন্মদিন। বহুমাত্রিক প্রতিভাময়ী এই নারী আমৃত্যু মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন। আজ তাঁর ১০৬ জন্মবার্ষিকী। ১৯১১ সালের ২০ জুন তিনি জন্মগ্রহণ করেন।
সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে সুফিয়া কামালের আদর্শ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, শিশুতোষ রচনা ছাড়াও দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজসংস্কার, নারীমুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।
বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামালের ছিল আপসহীন ভূমিকা। নারীদের সংগঠিত করে মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশাত্মবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি ছিলেন সর্বদা সচেষ্ট।
বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি নারীমুক্তি, মানবমুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। একুশে পদক, স্বাধীনতা পদকসহ ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর মারা যান তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বাংলা একাডেমিতে আজ অনুষ্ঠিত হবে কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।