কবি সুফিয়া কামালের ৯৯তম জন্মদিন আজ
প্রগতিশীল, অসা-ম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের ৯৯তম জন্মদিন আজ রোববার। ১৯১১ সালের এই দিনে বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মহীয়সী এ নারী জম্মগ্রহণ করেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় কবির জম্মদিন পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, কবি সুফিয়া কামালের সাহিত্যকর্ম এখনো জাতিকে অনুপ্রাণিত করে। কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তাঁর আপোসহীন এবং দৃপ্ত পদচারণা। শেখ হাসিনা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামসহ শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে কবি সুফিয়া কামালের প্রত্যক্ষ উপস্থিতি তাঁকে জনগণের ‘জননী সাহসিকা’ উপাধিতে অভিষিক্ত করেছে।প্রধানমন্ত্রী বলেন, সাহিত্যে তাঁর সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। শিশুতোষ রচনা ছাড়াও দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার এবং নারীমুক্তিসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত করে।