কবিকুঞ্জের ১০০তম কবিতার আসর
‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা’ স্লোগান সামনে রেখে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের ১০০তম আসর গতকাল শনিবার রাজশাহীর সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে।
এই আসরের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠার ১০০টি সপ্তাহ পার করল। প্রতি শনিবার সংগঠনটি রাজশাহীতে কবিতা পাঠ, আড্ডা ও আলোচনার আয়োজন করে আসছে।
গতকাল ১০০তম আসরে সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক। সঞ্চালনা করেন কবি কামরুল বাহার। উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা, কবি হাসান শাহরিয়ার, জুলফিকার মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম, ফরিদা সুলতানা প্রমুখ। অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন কবি শামীম হোসেন, সিরাজুদ্দৌলা বাহার, মঞ্জুর রহমান বুলবুল, আলমগীর মালেক, মজিদা আক্তার বীথি, প্রত্যয় হামিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়।