কবিগুরুর কুঠিবাড়ির জৌলুশ ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চৃতিবিজরিত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাড়িটির পেছনের নিচতলার মেঝের একপাশ দেবে গেছে। এ ছাড়া রং উঠে গিয়ে বিবর্ণ হয়ে গেছে বাড়িটি। পর্যটক ও দর্শনার্থীরা ঝুঁকি নিয়ে বিবর্ণ সঞ্চৃতিচিহ্ন দেখছেন। স্থানীয়রা বাড়িটি রক্ষণাবেক্ষণের জোর দাবি জানিয়েছেন।ঐতিহাসিক নথিপত্র থেকে জানা গেছে, উইল সূত্রে পাওয়া রবীন্দ্রনাথের পিতামহের মালিকানাধীন জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ ১৮৮৯ সালের নভেম্বরে প্রথম শিলাইদহে আসেন। এই কুঠিবাড়ি ও পদ্ম বোটে বসে তিনি লিখেছেন বহু কালজয়ী কবিতা, ছোট গল্প ও উপন্যাস। এখানে বসেই কবিগীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শুরু করেন। প্রায় ১১ একর জমির মাঝখানে কুঠিবাড়ির চারপাশ প্রাচীরে ঘেরা। কুঠিবাড়ির ভেতরে সে সময়ের দুর্লভ ছবি, পালকি, পালঙ্ক, আসবাবপত্রসহ রবিঠাকুর যে নৌকায় চড়ে এখানে আসতেন, সেই নৌকাসহ অনেক কিছু এখনো রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুঠিবাড়িটি রক্ষণাবেক্ষণ করে।ফিকে কুঠিবাড়ি: ২০০৫ সালে বিগত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কুঠিবাড়ির সুরকি রং (লালচে) পাল্টে অফহোয়াইট করা হয়। এ রং নিয়ে চলে দ্বন্দ্ব-বিবাদ। তবে বৃষ্টি ও রোদে পুড়ে রং উঠে যাচ্ছে। সম্প্রতি পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে অতিথি ও দর্শনার্থীরা পুরোনো রং ফিরিয়ে আনার জোর দাবি জানান। ফাটল: কুঠিবাড়ির ভেতরে ফাটল দেখা দিয়েছে। দ্বিতল ভবনে শোবার ঘরসংলগ্ন শৌচাগারের মেঝেতে আড়াআড়িভাবে ফাটল দেখা দিয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২০-২৫ ফুট। ফাটলটি ঘরের দেয়াল হয়ে বাইরে ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।কুঠিবাড়ির ভারপ্রাপ্ত কাস্টোডিয়ান বাকী বিল্লাহ প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর আগে ফাটলটি দেখা যায়। ধীরে ধীরে এটি দীর্ঘ হচ্ছে। বাড়িটির পেছনের নিচতলার একপাশের মেঝে দেবে গেছে। কুঠিবাড়ির দোতলার ভেতরে দর্শনার্থী বেশি হলে ভবনটি কেঁপে ওঠে। আগত দর্শনার্থীদের জন্য শঙ্কায় থাকতে হয়। ফাটলের বিষয়টি প্রত্নতত্ত্ব ও কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক রাখী রায় প্রথম আলোকে বলেন, রং নিয়ে সংসদের স্থায়ী কমিটি দেশবরেণ্য রবীন্দ্র গবেষকদের নিয়ে বৈঠক করেছে। রবিঠাকুর থাকাকালে বাড়িটির রং কী ছিল তাঁরা তা নিরূপণ করতে পারেননি। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের মতামত চাওয়া হয়েছে। তারা যদি কোনো সিদ্ধান্ত না দেয়, তবে আগামী এক মাসের মধ্যে সুরকি রং করা হবে। কুঠিবাড়ির ফাটলের বিষয়টি তিনি জানেন না।