কবিগুরুর জন্মদিনে বাংলা একাডেমীর রবীন্দ্র-পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র-পুরস্কার প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করল বাংলা একাডেমী। গতকাল শনিবার বিকেলে একাডেমীর বর্ধমান ভবনের পূর্ব বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। ‘এ কি সত্য?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি মনজুরে মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক হায়াৎ মামুদ এবং অধ্যাপক আকতার কামাল। এবারেই একাডেমী প্রবর্তন করেছে রবীন্দ্র-পুরস্কার। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী কলিম শরাফী এবং রবীন্দ্রসাহিত্যের চর্চা ও গবেষণায় অধ্যাপক সন্জীদা খাতুনকে ‘রবীন্দ্র-পুরস্কার ২০১০’ প্রদান করা হয়। সন্্জীদা খাতুনের হাতে ৫০ হাজার টাকা মূল্যমানের চেক, সনদ এবং স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অসুস্থতার কারণে শিল্পী কলিম শরাফী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। একাডেমীর পক্ষ থেকে জানানো হয়, আজ রোববার শিল্পীর বাসভবনে মহাপরিচালক তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের সৃষ্টিশীলতার ঐতিহ্যকে সম্প্রসারণ ও নবায়ন করার জন্য রবীন্দ্রনাথকে সামগ্রিকভাবে অধ্যয়ন ও চর্চা বিশেষভাবে জরুরি। বাংলাদেশে রবীন্দ্রচর্চার একটি ধারা বিগত কয়েক দশক ধরে পরিপুষ্টি লাভ করেছে। আমাদের গবেষক ও শিল্পীসমাজ শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংগীতচর্চায় নিবেদিত। এ ক্ষেত্রগুলো আরও সমৃদ্ধ করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সভাপতির বক্তব্যে কবীর চৌধুরী বলেন, স্বদেশপ্রেমী হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ ছিলেন আন্তর্জাতিকতাবাদী। তিনি আমাদের শক্তি ও প্রেরণার দিকনির্দেশক।সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন জয়ন্ত রায়, নিশীত জাহান। সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, নন্দিতা ইয়াসমিন, বুলবুল ইসলাম, ছায়া রাণী কর্মকার, মেজবাহুল আজম। ছায়ানটের আয়োজন ধানমন্ডির ছায়ানট ভবনও ছিল সরব। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্ররচনা থেকে পাঠ, সম্মেলক ও একক কণ্ঠে গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শুরুতে ছিল রবীন্দ্রনাথের রচনা থেকে পাঠ। করেন শাহেদ ইমাম। এরপর সম্মেলক সংগীত ‘হে নূতন, দেখা দিক আরবার’।পালাক্রমে চলে গান এবং পাঠপর্ব। একক সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমেদ, মিতা হক, তানিয়া মান্নান, সেমন্তী মঞ্জরী, ঝুমা খন্দকার, ঝুমুর আহমেদ প্রমুখ। পাঠে অংশ নেন তামান্না তিথি এবং জহিরুল হক খান। ছায়ানটের এ পরিবেশনায় ছিল: ‘বাজাও রে মোহনবাঁশি’, ‘শুন নলিনী খোল গো আঁখি’, ‘দুজনে দেখা হল’, ‘তবু মনে রেখো’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘আমার সকল নিয়ে বসে আছি’, ‘দিয়ে গেনু বসন্তের এই গানখানি’, ‘যদি হায় জীবন পূরণ নাই হল’ এসব একক গান। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ঢাকা প্রথম আলো বন্ধুসভার রবীন্দ্রজয়ন্তী‘রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি বুকে ধারণ করতে পারি তাহলে অনেক বড় মাপের মানুষ হতে পারব’—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। গতকাল সন্ধ্যায় প্রথম আলোর পঞ্চম তলার সেমিনার কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো ঢাকা বন্ধুসভা।অনুষ্ঠানে ছিল গান, আবৃত্তি ও রবীন্দ্র-ভাবনা নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নেন ঢাকা বন্ধুসভার সভাপতি আবেদা সুলতানা, আশফাকুজ্জামান, ফারাহ্ দিবাসহ অনেক বন্ধু। অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন সামিউল আজিজ, জেরিন তাবাসুম, মৌমিতা জান্নাত, সুনেত্রা চক্রবর্তী, আসাদ, সুমিত পাল, কেয়া পাল, বহ্নি শিখা, বর্ণা, ঊমি, কাকলি, তানজিদ, সুমন্ত, আসিফ, সোহেল প্রমুখ।ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে ‘মন পবনের নাও’ময়মনসিংহ অফিস জানায়, ‘মুখ্য নাটক লক্ষ্য মঞ্চ’ স্লোগান সামনে রেখে এ প্রজন্মের ঢাকার নাট্যদল ‘নাট্যবেদ’ তাদের ‘মন পবনের নাও’ নাটকের প্রথম প্রদর্শনীর মঞ্চায়ন করল গতকাল ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মঞ্চে। ময়মনসিংহ লোকগাথা অবলম্বনে পশ্চিমবঙ্গের নাট্যকার এবং নির্দেশক বিভাস চক্রবর্তীর নাটক ‘মাধব মালঞ্চী কইন্যা’ অবলম্বনে ‘মন পবনের নাও’ নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক রায়। নাট্যবেদ তাদের এ নাটকের প্রথম প্রদর্শনী ঢাকায় আয়োজন না করে ময়মনসিংহে আয়োজন করার উদ্যোগকে ময়মনসিংহের নাট্যামোদী, কর্মী ও সংগঠকেরা স্বাগত জানিয়েছেন। নূরজাহান বোস অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার ১৪১৭ পাচ্ছেন আগুনমুখার মেয়ে বইয়ের লেখক নূরজাহান বোস। সাহিত্যকর্ম ও নিজের সংগ্রামী জীবনের দুর্লভ অভিজ্ঞতা আপসহীন অকপটতায় সার্থকভাবে তুলে ধরার ভেতর দিয়ে পাঠকসমাজ ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। আগুনমুখার মেয়ে বইটি ইতিমধ্যে দুই বাংলার পাঠকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে নূরজাহান বোসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।