কবিগুরুর জন্মবার্ষিকীতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলবিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ট্রেন চালুর প্রস্তাব দিয়েছেন ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার ভারতের পার্লামেন্টে বাজেট উপস্থাপনের সময় তিনি ওই প্রস্তাব দেন। এ ছাড়া রবীন্দ্রনাথের স্মরণে পশ্চিমবঙ্গে দুটি জাদুঘর স্থাপনেরও প্রস্তাব দেন মমতা।ভারতের ২০১০-১১ সালের রেল বাজেট ঘোষণার সময় মমতা ব্যানার্জি বলেন, কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনাসাপেক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানো হোক। ভারতের রেলমন্ত্রী আরও বলেন, ওই ট্রেন দুই দেশের মধ্যকার বিরাজমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।মমতা ব্যানার্জি বলেন, ‘২০১০ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হবে। তাঁর স্মৃতি রক্ষায় আমি হাওড়ায় রবীন্দ্র জাদুঘর এবং বোলপুরে গীতাঞ্জলি জাদুঘর নির্মাণের প্রস্তাব দিচ্ছি, যেখানে বিশ্বভারতী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অবস্থিত। বোলপুর স্টেশনকে নতুন আদলে গড়ে তোলার প্রস্তাবও দিচ্ছি আমি।’মমতা বলেন, মহান এই কবির সাহিত্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করতে দেশজুড়ে ‘সংস্কৃতি এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন চালানো হবে।