কবিগুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজশাহী আবৃত্তি পরিষদ ‘তুমি কেমন করে গান কর হে গুণী’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ওস্তাদ রবিউল হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তি ও গীতাঞ্জলি নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক খন্দকার সিরাজুল হক।
সিরাজুল হক বলেন, ‘নোবেল পাওয়ার ১০০ বছর পরও রবীন্দ্রনাথের সব লেখা ইংরেজিতে অনুবাদ করা হয়নি। এ জন্য সারা বিশ্বের পাঠকেরা তাঁকে পুরোপুরি জানতে পারেননি। বাংলাদেশের ভাষা বাংলা। সুতরাং আমাদেরই উচিত এই অনুবাদ সম্পন্ন করা। এ জন্য প্রয়োজনে নজরুল ইনস্টিটিউটের মতো রবীন্দ্র ইনস্টিটিউট করতে হবে।’
পরে রাজশাহী আবৃত্তি পরিষদের শিশুরা রবীন্দ্রনাথের লেখা কবিতা আবৃত্তি করে। গীতাঞ্জলি থেকে গান গেয়ে শোনায় রাজশাহী রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। সবশেষে শরীফ আহম্মেদ, মনিরা রহমান ও জয়দীপ ভাদুড়ী একক আবৃত্তি পরিবেশন করেন।