কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে হিলি সীমান্তে দুই বাংলার আয়োজন
দিনাজপুর জেলার হিলি সীমান্তে স্থলবন্দরের শূন্য রেখায় গতকাল সোমবার সকালে দুই বাংলার মানুষ পালন করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭১তম মহাপ্রয়াণ দিবস।সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে ‘মরুবিজয়ের কেতন উড়াও’, ‘ফিরে চল্ মাটির টানে’সহ কবিগুরুর গান ও কবিতার আবৃত্তিতে টানা দুই ঘণ্টা চলে অনুষ্ঠান।ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর কোলাঘাটের সাংস্কৃতিক সংগঠন ‘ভাষা ও সংস্কৃতি’র উদ্যোগে দিবসটি পালিত হয়। এতে ভারতের দক্ষিণ দিনাজপুরের কালুরঘাটের স্থানীয় শিল্পী গোষ্ঠী ছন্দম এবং ভারত ও বাংলাদেশের হিলি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।অনুষ্ঠান শুরুর আগে শূন্য রেখায় স্থাপিত কবিগুরুর প্রতিকৃতিতে বিজিবি এবং বিএসএফের কর্মকর্তা, শিল্পী ও ছাত্রীরা ফুলের মালা পরায় এবং প্রদীপ জ্বালায়।বেলা ১১টার দিকে শিশু নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে। শেষে সীমান্তের চেকপোস্টের শূন্য রেখায় (বাংলাদেশ অংশে) একটি বকুলগাছের চারা রোপণ করা হয়।বিএসএফের ক্যাম্প কমান্ডার আর জে কানওয়ার প্রথম আলোকে বলেন, দুই দেশের সীমান্ত বাহিনীসহ মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিভিন্ন পার্বণে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন।