কবিগুরুর সিলেট বেড়ানোর শতবর্ষ উপলক্ষে রূপকল্প
সিলেটের মদন মোহন কলেজের অধ্যক্ষ মো. আবুল ফতেহ বলেছেন, রবীন্দ্রনাথ মানুষ ও প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসতেন। সিলেট ও কুলাউড়ার সঙ্গে তাঁর কিছু মধুর স্মৃতি জড়িয়ে আছে। ১৯১৯ সালে তিনি ট্রেনে চড়ে সিলেটে বেড়াতে এসেছিলেন। কবিগুরুর সিলেট বেড়ানোর শতবর্ষ উপলক্ষে একটি রূপকল্প গ্রহণ করা হয়েছে। সিলেটবাসী সাড়ম্বরে শতবর্ষ উদ্যাপন করবে।
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল ফতেহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, তখন কবিগুরুর সঙ্গে ছিলেন তাঁর পুত্র ও পুত্রবধূ। কুলাউড়া ও এর আশপাশের রেলস্টেশনে স্থানীয় লোকজন তাঁদের ফুল দিয়ে অভিনন্দিত করেছিলেন। সিলেটে পৌঁছে তাঁরা চাঁদনীঘাটের সিঁড়ি বেঁয়ে নেমে সুরমা নদীতে নৌকায়ও বেড়িয়েছিলেন।
সকাল ১০টার দিকে কুলাউড়া পৌর শহরে অবস্থিত নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে দ্বিতীয় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৭-এর চূড়ান্ত পর্বে নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় ও জালালাবাদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। সেরা বক্তা নির্বাচিত হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইশরাক হামীম। পরে বিজয়ী ও রানার্সআপ দল এবং সেরা বক্তার হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। ‘প্লাটুন টুয়েলভ’ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।