কবিতা, গান, ছবি আঁকা ভুলিয়ে দিল যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা গায়ে ব্যান্ডেজ, মুখমণ্ডলজুড়ে দগদগে পোড়া ক্ষত, পুড়ে গেছে বাম কান, হাতের পোড়া আঙুলগুলো শক্ত হয়ে আছে। চোখের পাতা এক করতে পারে না। এক মাস ২০ দিন ধরে হাসপাতালের শয্যায়। অভিভাবক ও চিকিৎসকেরা পঞ্চম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে কাল গার্ল গাইডস ও চিকিৎসারত শিশুদের গানের সঙ্গে যেন সব যন্ত্রণা ভুলে গেল শারমিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অন্তত ৮০ জন শিশু-কিশোর নিজেদের যন্ত্রণা-কষ্ট ভুলে আনন্দে মেতেছিল গত চার দিন। চিকিৎসার ফাঁকে ফাঁকে কবিতা, গান, ছবি আঁকা, আড্ডা গল্পে দিন কেটেছে তাদের। চিকিৎসাধীন শিশুদের মানসিক স্বস্তি ও বলদানে অনন্য এ উদ্যোগটি নিয়েছিল চট্টগ্রাম অঞ্চলের গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। ২৫ জন গার্ল গাইডস কর্মী ওয়ার্ডের শিশুদের যন্ত্রণা-কষ্ট ভাগাভাগি করার পাশাপাশি তাদের সচেতনতার মন্ত্র শেখালেন। জেলা গার্লস গাইডসের কমিশনার রীতা দত্ত জানালেন, ‘গাইডের শতবর্ষ পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালে রোগীদের সেবা ও আনন্দ দিতে মেয়েরা এখানে এসেছে।’ওয়ার্ডে প্রায় ৮০ জন রোগীর মধ্যে আগুনে পোড়া ছিল বেশি। ছিল নানা রোগে ভোগা শিশুরাও। কারও দিন, কারও সপ্তাহ আর কারও মাসের পর মাস কাটছে হাসপাতালের শয্যায়। সার্জারি ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. তাহমিনা বানু বলেন, ‘অসুস্থ মানুষকে সাহস দেওয়া, শরীরের যন্ত্রণার দুঃখ ভুলিয়ে রাখা চিকিৎসার অংশ। শিশুদের ক্ষেত্রে এটা আরও বেশি জরুরি। গার্ল গাইডসের মেয়েরা সে কাজটি খুব ভালোভাবে করে গেল।’এ কয়েক দিনে শিশুরা চিকিৎসার ফাঁকে ফাঁকে ওয়ার্ডের প্লে সেন্টারে ভিড় করেছে। বড় আপুদের কাছ থেকে তারা শিখেছে গান, কবিতা ও ছবি আঁকা। গার্ল গাইডসের মেয়েরা তিনটি দলে ভাগ হয়ে এ চার দিন কাজ করেছেন। রিজুয়ানা সুলতানা বলেন, ‘এ কয়েক দিনে শিশুদের সঙ্গে অনেক মজার সময় কাটিয়েছি। তারা অন্তত কিছু সময়ের জন্য নিজেদের যন্ত্রণা ভুলে ছিল।’ রিজুয়ানার কথার প্রমাণও পাওয়া গেল গতকাল। স্বেচ্ছাসেবী গার্ল গাইডস কর্মীরা বেরিয়ে যাওয়ার সময় তাঁদের এগিয়ে দিতে এল লিটন, কফিল উদ্দিন, টিটুসহ কয়েকজন অসুস্থ শিশু। আপুদের কাছ থেকে কী শিখেছ তোমরা—এমন প্রশ্নে অস্ত্রোপচারের রোগী লিটন গেয়ে উঠল, ‘আমরা করব জয় এক দিন নিশ্চয়...।’