কবিতা আর গানে কাইয়ুম স্মরণ

স্মৃতিচারণা, আলোচনা, কবিতা আর গানে গানে শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রদর্শনীতে গতকাল শনিবার দিনের শেষ বেলায় আনন্দঘন সময় কাটালেন দর্শকেরা। প্রথম আলোর আয়োজনে দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৪তম জন্মবার্ষিকীর প্রদর্শনীর গতকাল ছিল পূর্বনির্ধারিত শেষ দিন। তবে আগেই জানানো হয়েছিল, দর্শকদের অনুরোধে প্রদর্শনীর মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে ৯ মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী এখন চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।
প্রথম আলোর জন্মলগ্ন থেকেই শিল্পী কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট ছিলেন এর সঙ্গে। শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। প্রথম আলোর মাস্ট হেডসহ বিভিন্ন পাতার সজ্জা, লোগো, বিশেষ সংখ্যার অঙ্গসজ্জা, ক্যালেন্ডার চিত্রণসহ পত্রিকাটিকে নান্দনিক করে তুলেছেন তাঁর সৃজনপ্রতিভায়। সেসব কাজের কিছু নমুনা, বইয়ের প্রচ্ছদ, আর কয়েকটি শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। এর সঙ্গে শিল্পীকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে।
গতকাল শনিবার বিকেল চারটায় প্রদর্শনীকক্ষে আয়োজন করা হয়েছিল গান, আলোচনা, আবৃত্তির এই মনোজ্ঞ অনুষ্ঠান। সঞ্চালক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, কাইয়ুম চৌধুরী তাঁর বিপুল বৈচিত্র্যময় নান্দনিক ও ব্যবহারিক কাজের ভেতর দিয়ে দেশের জনরুচি গড়ে তুলতে অসামান্য ভূমিকা পালন করেছেন। জনশিল্পের কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি গত হলেও জনমানসে তিনি থেকে যাবেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রদর্শনীর আয়োজন। শুরুতেই কাইয়ুম চৌধুরীর কবিতার বই হাতের ছোঁয়ায় রোদের শিহরণ থেকে তিনটি কবিতা আবৃত্তি করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।
আলোচনা পর্বে বাবার স্মৃতিচারণ করেন শিল্পীর ছেলে মইনুল ইসলাম। বলেন, তিনি বিচিত্র মাধ্যমে বিপুল কাজ করেছেন। কিন্তু তারপরেও পরিবারের প্রতি তাঁর ছিল গভীর দায়িত্বশীলতা। বন্ধুদের সময় দিয়েছেন। এত দিক তিনি কেমন করে সুসম্পন্ন করেছেন, তা বিস্ময়কর। মানুষ তাঁকে এখনো যেভাবে ভালোবাসে ও শ্রদ্ধা জানায়, সেই বিষয়টি তাঁদের পরিবারকে আবেগপ্রবণ করে তোলে।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী শিল্পীকে নিয়ে এই আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিল্পী কাইয়ুম চৌধুরীর বেশ কিছু কাজ জাতীয় জাদুঘরের সংগ্রহে রয়েছে। সেই কাজগুলো নিয়ে শিগগিরই একটি ভিউকার্ড সেট প্রকাশ করা হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে একটি প্রদর্শনী করার পরিকল্পনাও রয়েছে।
শিল্পী কাইয়ুম চৌধুরী ছিলেন তৎকালীন ঢাকা আর্ট কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র। তৃতীয় ব্যাচে ছিলেন বিশিষ্ট শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। আলোচনায় তিনি বলেন, ছাত্রজীবন থেকেই কাইয়ুম চৌধুরীর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল। কাইয়ুম চৌধুরী একটি নিজস্ব চিত্রভাষা সৃষ্টি করেছিলেন। নান্দনিক বা ব্যবহারিক যে ধরনের কাজই হোক, দেখেই বোঝা যেত সেটি কাইয়ুমের কাজ।
আলোচনার পরে ছিল গানের পর্ব। বিশিষ্ট শিল্পী ফরিদা পারভীন স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘এই পদ্মা এই মেঘনা’ দেশাত্মবোধক গানটি দিয়ে শুরু করেছিলেন তাঁর পরিবেশনা। পরে তিনি গেয়ে শুনিয়েছেন লালন সাঁইয়ের গান ‘পারে লয়ে যাও আমায়’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’। গানের পালা শেষ করেছেন বাঁশিতে গাজী আবদুল হাকিমের সঙ্গে যুগলবন্দীতে ‘সময় গেলে সাধন হবে না’ পরিবেশন করে। তাঁদের সঙ্গে তবলায় সংগত করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দোতারায় ছিলেন দেলোয়ার হোসেন।