কবিতা ও গানে মহাকবিকে স্মরণ
কবিতা, গান ও আলোচনার মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করলেন দুই বাংলার কবি-সাহিত্যিকেরা। কবির ১৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত রোববার সন্ধ্যায় যশোরের কেশবপুরের আবু সারাফ সাদেক মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাবে হয় মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য সম্মেলন। দুটি অনুষ্ঠানই দুই বাংলার কবি-সাহিত্যিক ও গবেষকদের মিলনমেলায় পরিণত হয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় আবু সারাফ সাদেক মিলনায়তনে অতিথিদের মঞ্চে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক মধুসূদন একাডেমির সভাপতি অধ্যাপক মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন মহাকবির মৃত্যুবার্ষিকী উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন মধুসূদন একাডেিমর পরিচালক কবি খসরু পারভেজ।
প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ খুলনার সরকারি ব্রজলাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সংগীতজ্ঞ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারত থেকে আসা অতিথি কবি ভারতী বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী দত্ত, অপূর্ব কর, অরূপ পান্তী, আনসারুল হক প্রমুখ। ভারত থেকে আসা কবিরা আবৃত্তি করেন।
ভারতের একই অতিথিরা মাইকেল মধুসূদন সাহিত্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে সম্মেলনে যোগ দেন। কবি গাজী শাহ্জাহান সিরাজের সভাপতিত্বে বক্তব্য দেন মধুসূদন গবেষক সরদার রুহুল আমিন।