কবিতা-গানে মুখর শিশুসাহিত্য সম্মেলন
গান, ছড়া, কবিতার কলতানে গতকাল শনিবার মুখর ছিল চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমী দ্বিতীয় শিশুসাহিত্য সম্মেলনের আয়োজন করে। এ উপলক্ষে সেখানে বসে লেখক-পাঠকের এক মিলনমেলা। আলোচনার আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও শিশুসাাহিত্যিক দীপ মুখোপাধ্যায়। সাহিত্যিক ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা শিশুসাহিত্যিকেরা। স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক ফারুক হোসেন, আশরাফুল আলম, তপংকর চক্রবর্তী, রহীম শাহ, নাসের মাহমুদ, বকুল হায়দায়, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার প্রমুখ। বক্তারা বলেন, এ দেশে শিশুরা যেমন অবহেলিত, তেমনি অবহেলিত শিশুসাহিত্য ও সাহিত্যিকেরা। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচয়িতাদের নেই কোনো স্বীকৃতি ও মর্যাদা। এখন এমন অবস্থা হয়েছে যে শিশুসাহিত্য যাঁরা রচনা করেন তাঁরাই পড়েন, আবার যাঁরা পাঠ করেন তাঁরাই লিখছেন। সৃজনশীল, বোধ ও অনুধাবনশক্তি বৃদ্ধিতে অনুষ্ঠানে পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের উপযোগী বই পাঠাভ্যাসে উৎসাহ জোগাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।