কবিতা নিয়ে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটদের  হজরত মোহাম্মদ (সা.) মোহাম্মদ ওয়াজেদ আলী, মানব পদাবলি মোহাম্মদ রফিক, একজন কমলালেবু শাহাদুজ্জামান, প্যাট্রিকের গরিলা ও অন্যান্য গল্প ফরিদুর রেজা সাগর
ছোটদের হজরত মোহাম্মদ (সা.) মোহাম্মদ ওয়াজেদ আলী, মানব পদাবলি মোহাম্মদ রফিক, একজন কমলালেবু শাহাদুজ্জামান, প্যাট্রিকের গরিলা ও অন্যান্য গল্প ফরিদুর রেজা সাগর

‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ ছোটবেলায় পড়া এই কবিতার কথা মনে আছে? অনেক অনেক বছর আগে কুসুমকুমারী দাশ নামে বরিশালের একান্নবর্তী পরিবারের এক মা লিখেছিলেন। সেই মায়ের ছেলে জীবনানন্দ দাশ মায়ের এই চাওয়া পূরণ করতে পেরেছিলেন। ছেলেটি কথায় ও কাজে এত বড় হয়েছিলেন যে পাল্টে দিয়েছিলেন বাংলা কবিতার রীতিনীতি।
বাংলা একাডেমির চরিতাভিধান অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ কবির জন্মদিন। গতকাল অমর একুশে গ্রন্থমেলায় ঢুকে কবিতার পাশে জীবনানন্দের ছবি দেখে নামটি গেঁথে গেল মনে। তার ওপর ভর করেই বৃহস্পতিবার ঘুরে বেড়াই বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলা একাডেমি প্রাঙ্গণে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোঁজ পাই নতুন করে আসা জীবনানন্দকে। ভাবি, কী জাদু ছিল তাঁর বাক্যে, শব্দে। যিনি কথা বলতে পারতেন না, মুখে কথা আটকে যেত, হাতের তালু ঘামত, কিন্তু লিখে রেখে গিয়েছেন দারুণ সব পঙ্ক্তিমালা, যা যুগের পর যুগ আলো দিচ্ছে দুই বাংলার পাঠককে। আজও কত চর্চা হয় তাঁর কবিতার, তাঁকে নিয়ে গবেষণা হয় দেশে-বিদেশে। ঘুরতে ঘুরতে নানাভাবে আবিষ্কার করি জীবনানন্দ দাশকে, সঙ্গে সমকালীন কবিদেরও।
গতকাল বৃহস্পতিবারই প্রথমা প্রকাশন মেলায় এনেছে শাহাদুজ্জামানের একজন কমলালেবু উপন্যাসটি, যেখানে জীবনানন্দ দাশের সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। হরিশংকর জলদাসের জীবনানন্দ ও তাঁর কাল বইটি নতুন করে এনেছে প্রকাশনা সংস্থা অবসর। লেখক হরিশংকর বর্তমানে নিজ শহর চট্টগ্রামে আছেন। মুঠোফোনে বললেন, বইটিতে জীবনানন্দের ৫৫ বছরের জীবনকে সালওয়ারি সাজিয়েছেন তিনি; যেখানে কবির জীবনকথাই শুধু নয়, সঙ্গে তাঁর সমকালের চরিত্রকে উপস্থাপন করা হয়েছে।
প্রকাশকেরা প্রায়ই বলে থাকেন, কবিতার বই চলে না। কিন্তু চোখের দেখা সাক্ষী হলো স্টলে স্টলে কবিতার বই কেনাবেচার দৃশ্য, তরুণদের হাতে নতুন বই। পেশাগত কারণে কবি পিয়াস মজিদকে মেলায় আসা নতুন বইয়ের খবরটি রাখতে হয়। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের প্রতিনিধি এ কবি বলেন, এই কদিনে উপন্যাসের চেয়ে কবিতার বই প্রকাশিত হয়েছে বেশি। প্রতিদিন প্রকাশের দিক থেকেও সংখ্যায় এগিয়ে কবিতার বই। প্রথম দুই সপ্তাহে মেলায় কবিতার নতুন বই এসেছে ৪৭০টি। প্রকাশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা উপন্যাসের সংখ্যা ২৮৮। কথা প্রসঙ্গে পিয়াস মজিদ বলেন, এবারের মেলায় পাঞ্জেরী প্রকাশনী থেকে এসেছে তাঁর কবিতার বই নিঝুম মল্লার।
বেশ কয়েক দিন পর গতকাল দেখা গেল কবি মুহম্মদ নূরুল হুদাকে। যাচ্ছিলেন মোড়ক উন্মোচন মঞ্চের দিকে। হাঁটতে হাঁটতে বললেন, গত বুধবার পরিবার প্রকাশন মেলায় এনেছে তাঁর কবিতার নতুন বই বেদনার বংশধর। বড় পরিসরের বইটি তিনি উৎসর্গ করেছেন কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, রফিক আজাদ ও আবুল হাসানকে। বলে রাখা ভালো, উৎসর্গ করা প্রয়াত এই কবিদের পুরোনো কবিতার বই আগ্রহ নিয়ে খুঁজছে পাঠক। মুক্তমঞ্চের পেছনে কবি নূরুল হুদার সঙ্গে হাঁটতে হাঁটতে দেখা হলো কবি ও ঔপন্যাসিক আনিসুল হকের সঙ্গে। রীতিমতো দৌড়ে যাচ্ছিলেন মোড়ক উন্মোচন মঞ্চের দিকে। এখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী শিশির ভট্টাচার্য্য, অভিনয়শিল্পী ত্রপা মজুমদারের সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে প্রবাসী শিল্পী সায়ান রায়ের চিত্রকর্ম নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন। আনিসুল হক বললেন, মেলায় তাঁর কবিতার দুটি বই এসেছে। ৩২ নম্বর মেঘের ওপারে এনেছে পাললিক সৌরভ এবং আমার একটা আকাশ আছে প্রিয় এনেছে চন্দ্রদীপ।
এবারের মেলার প্রথম দিকেই প্রথমা প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের শব্দই চিকিৎসিত করে কবিতার বইটি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লেখা কবিতাগুলোয় কবির জীবনতৃষ্ণা, জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দর্শন পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ।
চট্টগ্রামের খ্যাতনামা বইয়ের প্রতিষ্ঠান বাতিঘরের স্টলে প্রথম দিন থেকে দেখা গেছে মোহাম্মদ রফিকের মানব পদাবলি। প্রকাশক দীপঙ্কর দাশ বললেন, তাঁরা নতুন করে এনেছেন শক্তি চট্টোপাধ্যায় সম্পাদিত পূর্ব বাঙলার শ্রেষ্ঠ কবিতা। কবিতার বইগুলো বেশ ভালো যাচ্ছে বাতিঘরের স্টলে।
মেলায় নবযুগ এনেছে শহীদ কাদরী কবিতাসমগ্র। নবযুগ প্রকাশনীর প্রকাশক অশোক কুমার রায় নন্দী বললেন, ভালোই চলছে বই। এই মেলায় কবি মহাদেব সাহার আমার কবিতাগ্রাম ও সৈয়দ শামসুল হকের অনুবাদ কবিতাসমগ্র এনেছে মাওলা ব্রাদার্স। জয়তী থেকে এসেছে কবি আল মাহমুদের নতুন কবিতার বই তোমাকে হারিয়ে কুড়িয়ে পেয়েছি। নতুন এসব বইয়ের পাশাপাশি কবি রফিক আজাদ, হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রমুখের পুরোনো বইগুলো খুঁজছেন পাঠকেরা।
নতুন-পুরোনো বই নিয়ে মেলায় প্রতিনিধিত্ব করছেন প্রতিষ্ঠিত কবি কাজী রোজী, আবু হাসান শাহরিয়ার, ফরিদ কবির, ব্রাত্য রাইসু, জুয়েল মাজহার, মজনু শাহ, টোকন ঠাকুর, আলফ্রেড খোকনসহ তরুণ কবি ইমতিয়াজ মাহমুদ, আসমা বীথি, আলতাফ শাহনেওয়াজ, হাসনাত শোয়েব, প্রান্ত পলাশ, নওশাদ জামিলরা। তাঁদের অনেকেই নিয়মিত বা অনিয়মিতভাবে এসে মেলাকে আলো দিচ্ছেন, আড্ডায় মেতে উঠছেন।
আজ মেলার দ্বার খুলবে বেলা ১১টায়
আজ শুক্রবার মেলা চলবে বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। এর আগে সকাল সাড়ে ৯টায় বইমেলার মূল মঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে।
বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘আশির দশকের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ ও সমন্বয় উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল মেলার ১৬তম দিনে ১০২টি নতুন বই এসেছে। মেলায় প্রথমা প্রকাশন এনেছে মোহাম্মদ ওয়াজেদ আলীর ছোটদের হজরত মোহাম্মদ (সা.)। মেলায় পাঞ্জেরী প্রকাশনী এনেছে ফরিদুর রেজা সাগরের প্যাট্রিকের গেরিলা ও অন্যান্য গল্প বইটি। মেলায় শ্রেয় চান্দ চিত্রিত কবি চান্দর লেখা কাপপির বন্ধু বইটি পরিবেশন করছে ছায়াবীথি।