কবিতা বাদ দেওয়া প্রসঙ্গে সংসদীয় কমিটির ব্যাখ্যা
২৭ মে প্রথম আলোয় প্রকাশিত “মাধ্যমিকে ‘বঙ্গবাণী’ ও ‘মাগো ওরা বলে’ কবিতা পুনঃস্থাপনের সুপারিশ’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, সংসদীয় কমিটির সভায় নবম শ্রেণীর বাংলা বইয়ে বাংলা সাহিত্যের দুজন বিখ্যাত কবি আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ এবং কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি পাঠ্যপুস্তক থেকে কেন বাদ দেওয়া হলো, তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কাছে জানতে চাওয়া হয়। কমিটি অবিলম্বে এই কবিতা দুটি পুনঃস্থাপনের নির্দেশনা দেয়। ওই সভায় শিক্ষাসচিবের বা অন্য কোনো কবির কবিতার অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হয়নি বলে জানান সংসদীয় কমিটির সভাপতি।
একই সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিভিন্ন সংবাদপত্রে বিষয়টি এমনভাবে এসেছে, যেন অন্য কবিতা বাদ দিয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর (কামাল চৌধুরী) কবিতাটি নতুনভাবে সংযোজিত হয়েছে। প্রকৃতপক্ষে কমপক্ষে পাঁচজন কবির কবিতা বইটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে, যাঁদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ে শিক্ষাসচিবের একটি কবিতা রয়েছে।