কবিতা মন প্রফুল্ল রাখে ভালোবাসতে শেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার সঙ্গে সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর কবিতা হচ্ছে সাহিত্যের অন্যতম শাখা। কবিতার মাধ্যমে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব। কবিতা মনকে প্রফুল্ল রাখে, মানুষকে ভালোবাসতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। দেশের সব আন্দোলনেই কবিতার ভূমিকা ছিল।
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গতকাল সোমবার আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আলী আকবর ওই সব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক মো. মোক্তার হোসেন। এতে সহ-উপাচার্য মো. জসিমউদ্দিন খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
মাহবুব হোসেন বলেন, কবিতা হলো শব্দের শিল্প, অপূর্ব শব্দের অপূর্ব সমন্বয়। কবিতা জীবনের রূপায়ণ। তাই প্রত্যেককে কবিতা পড়ার নেশা তৈরি করতে হবে।
প্রতিযোগিতায় দেশের ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৭ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাকিব ঈশান এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসমেন জেরিন বিনতে নিজাম। দ্বিতীয় স্থান অধিকার করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইমরান হাসান।