কবিতা সংগীত নাটক ও চিত্রকলা নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র-উত্সবের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার দিনব্যাপী সংগীতানুষ্ঠান, নৃত্যলেখ্য, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সংগীত, নাটক ও চিত্রকলা নিয়ে আলাদা আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এসব সেমিনার। আর নিচে তৈরি করা মঞ্চে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এ উত্সব কেন্দ্র করে অসংখ্য মানুষের পদচারণে দ্বিতীয় দিনও জমজমাট হয়ে ওঠে। ছুটির দিনে নানা বয়সী নগরবাসী যোগ দেয় উত্সবে।সেমিনারগুলোতে রবীন্দ্রনাথের কীর্তিময় বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়। ‘রবীন্দ্রকবিতা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অমিয় দেব। তিনি বলেন, ‘আমার উপলব্ধি, রবীন্দ্রনাথ বাংলাদেশেই বেঁচে আছেন। বাংলা ভাষা এখানে জীবন্ত, এ জন্যই রবীন্দ্রনাথ বেঁচে আছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেই আমরা আশি ভাগ রবীন্দ্রনাথ হারিয়ে ফেলেছি। এটার কারণ ইংরেজি।’প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবের ‘জল পড়ে পাতা নড়ে’ কবিতা থেকে কীভাবে কবিতা, সাহিত্যসহ অন্যান্য ক্ষেত্রে প্রবেশ করেছেন, তার চিত্র তুলে ধরে অমিয় দেব বলেন, ‘লেখ্য বাংলার যে আকাশ রবীন্দ্রনাথে পাই, তার তুলনীয় আকাশ অন্য কোনো ভাষায় কারও আছে কি না জানি না। তাঁর জন্মের ১৫০ বছর পর আজও যখন কিছু একটা লেখার চেষ্টা করি, এমনকি চিঠি, তখন তিনি আমাদের কলমের অগ্রভাগে না হলেও একটু দূরে বসে থাকেন, যেন প্রেরণা দেবেন।’সভাপতির বক্তৃতায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথের কবিতা আজ অবহেলিত। সময় এসেছে প্রকৃত কবি রবীন্দ্রনাথকে আবিষ্কার করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তা না হলে রবীন্দ্রকবিতা হারিয়ে যাবে।’ সেমিনারে আলোচনা করেন প্রাবন্ধিক আবুল মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম।‘রবীন্দ্র চিত্রকলা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পড়েন পশ্চিমবঙ্গের কেতকি কুশারী ডাইসন ও সুশোভন অধিকারী। এ সময় প্রজেক্টরে রবীন্দ্রনাথের আঁকা বেশকিছু চিত্রকলা দেখানো হয়। স্বপন মজুমদারের সভাপতিত্বে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম চারুকলার শিক্ষক আবুল মনসুর।এর আগে ‘রবীন্দ্রনাটক’ ও ‘রবীন্দ্রসংগীত’ নিয়ে আরও দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। স্বপন মজুমদারের সভাপতিত্বে প্রথমটিতে রবীন্দ্রনাটকে নারীবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শফি আহমেদ। আলোচনায় অংশ নেন অধ্যাপক রফিকুল ইসলাম ও আফসার আহমেদ। করুণাময় গোস্বামীর সভাপতিত্বে রবীন্দ্রসংগীত-বিষয়ক সেমিনারে প্রবন্ধ পড়েন পশ্চিমবঙ্গের আলপনা রায়। আলোচনা করেন লুভা নাহিদ চৌধুরী। এসব সেমিনারের পাশাপাশি সকালে সম্মেলক গান করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগরের শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিনের ‘রবীন্দ্র-উত্সব: সুরের ধারা’ গত বৃহস্পতিবার শুরু হয়। প্রথম আলো ও চ্যানেল আই এতে সহায়তা দিচ্ছে।