কবিতাগুলো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলায় বরাবরই ‘প্রথমা’ একটা আলাদা জায়গা করে নেয়। মেলার মানুষের অনেকেই তাকে খুঁজে নেন ভিড়ের মধ্য থেকে। জোগাড় করেন ব্যতিক্রমী, পছন্দের বিষয়ের বই আর চোখ জুড়িয়ে নেন ছিমছাম সুন্দর স্টল, নতুন-পুরোনো বইয়ের প্রচ্ছদে।
প্রথমার ভালো কাটতির তালিকায় সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের বইগুলো অন্যতম। এবারের মেলায় প্রথমা প্রকাশন এনেছে সৈয়দ শামসুল হকের কবিতার বই শব্দই চিকিৎসিত করে ও স্মৃতিকথা হে বৃদ্ধ সময়।
প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ জানান, এ বইয়ের প্রথম ৫টি কবিতা ২০১৫ সালে লেখা। ৬ থেকে ৬০ সংখ্যক কবিতাগুলো সৃষ্টি লেখকের রোগশয্যায়। ওই সময়ে তিনি উচ্চারণ করেছেন, লিখেছেন তাঁরই সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কবিতাগুলো লেখা হয়েছে তাঁর নিজের অননুকরণীয় ভাষায়। মৃত্যুকে তিনি কতভাবে দেখেছেন, কত বিচিত্রভাবে অনুভব করেছেন, তার স্বাক্ষর রয়েছে কবিতাগুলোতে। কবির এই শেষ যাত্রায় পাঠক অনুভব করবেন বর্ণাঢ্য জীবনের কথাও। তাঁর জীবনতৃষ্ণা, জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দর্শন পাঠকের জন্য তীব্র আকর্ষণ তৈরি করেছে।
অন্যদিকে হে বৃদ্ধ সময় সৈয়দ শামসুল হকের শৈশব-কৈশোরের স্মৃতিকথা। যেখানে পাঠকেরা পাবেন কুড়িগ্রামের মতো মফস্বল শহর, তার জনজীবন, ধরলা নদী, তার উৎসব পার্বণসহ আরও অনেক কিছু।
এর আগের বছরগুলোতে প্রথমা প্রকাশ করেছিল এই লেখকের উপন্যাস দোয়েল নামে মেয়েটি, আত্মজীবনী তিন পয়সার জ্যোছনা (৩য় মুদ্রণ)’, অনুবাদ কবিতা মাইকেল অ্যাঞ্জেলো: তাঁর কবিতা পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইগুলো পাঠক খুঁজছে বলে জানান প্রথমার বিক্রয়কর্মী।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম নেওয়া এই লেখক মারা গেছেন ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।