কবিতাপ্রেমীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে’ স্লোগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত উৎসবে গতকাল শুক্রবার কুমিল্লায় কবিতাপ্রেমীদের ঢল নামে। চৈত্রের শেষ বিকেলে কণ্ঠযোদ্ধারা যেন কবিতাকে জয় করেছেন।কবিতাপ্রেমীরা মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে মুক্তির জয়গান গেয়েছেন। তাঁরা পতাকা মিছিল আর মোমবাতি প্রজ্বালন করে সব অপতৎপরতাকে দূরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল বেলা তিনটায় শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্র নগর মিলনায়তনে ওই উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন ও সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।উৎসবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ২২টি আবৃত্তি সংগঠনের সদস্যরা অংশ নেন।