কবিতার হাত ধরেই আসতে পারে শান্তি
ভবিষ্যতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কবি-সাহিত্যিকদের নিয়ে টাঙ্গাইলে মহাসম্মেলন করার প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় বাংলা কবিতা উৎসবের। এ উৎসবে দুই বাংলার তিন শতাধিক কবির সমাবেশ ঘটেছিল। তীব্র গরম ও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও শহরের ভাসানী হলে তাঁরা উৎসাহের সঙ্গে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন। গতকাল সমাপনী দিনেও দুটি অধিবেশনে চার পর্বে আলোচনা এবং চার পর্বে কবিতা পাঠের আয়োজন করা হয়। এ পর্বগুলো চলে রাত নয়টা পর্যন্ত। কবিরা সগৌরবে বলেছেন, ‘পৃথিবীতে শান্তি আসতে পারে কবিতার হাত ধরেই। সন্ত্রাস, অশান্তি, অসাম্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ করতে শেখায় কবিতা। একমাত্র কবিতাই পারে ধ্বংসাত্মক পরিবেশ থেকে আমাদের মুক্তি দিতে।’কবিতা উৎসবে মোট ১০টি নির্ধারিত বিষয়ে আলোচনা করেন দুই বাংলার খ্যাতিমান কবি-সাহিত্যিকেরা। হলের ভেতরে চলে কবিতা ও ছড়া নিয়ে আলোচনা, সংগীত ও কবিতা পাঠ। পাশাপাশি হলের সামনে সবুজ চত্বরে চলে আড্ডা। গতকাল সকালে ‘অনুবাদ কি সাহিত্যকে আন্তর্জাতিক মাত্রা দিতে পারে?’ ‘ভাষার জন্য রক্ত দিয়ে বাঙালি গর্বিত কিন্তু মাতৃভাষা চর্চা কতটুকু হচ্ছে?’ শীর্ষক আলোচনা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় ‘মুদ্রণ প্রযুক্তি প্রকাশনা সৌকার্য বাড়িয়েছে, গৌরব বাড়িয়েছে কতটুকু?’ এবং ‘কবি হতে না পেরে আপনি কি গদ্য লেখক?’ শীর্ষক আলোচনা। রাত নয়টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগারের সভাপতি এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। উৎসবের মূল উদ্যোক্তা কবি মাহমুদ কামালকে অধুনালুপ্ত টাঙ্গাইল আধুনিক কবি সংঘের পক্ষ থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পদক দেন বুলবুল খান মাহবুব।ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা কবিদের নেতৃত্ব দেন শ্যামলকান্তি দাশ। উৎসব সম্পর্কে তিনি বলেন, ‘টাঙ্গাইলে এ রকম কবিতা উৎসবে এর আগেও এসেছি। বাংলাদেশ বিশেষ করে টাঙ্গাইলে এলে প্রাণের স্পন্দন পাই, ভালোবাসা পাই। এই উৎসবের মাধ্যমে আমাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। এ রকম উৎসবই পারে মানুষের প্রাণে প্রাণে যোগসূত্র গড়তে।’উৎসবের মূল উদ্যোক্তা টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল বলেন, আমন্ত্রিত কবি ছাড়াও অনেক কবি-সাহিত্যিক স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশ নেওয়ায় তিন দিনের অনুষ্ঠান সফলভাবে শেষ।