কবিতায় একাত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতায় দ্রোহের আগুন। পঙ্ক্তিমালায় একাত্তর। পরতে পরতে রণাঙ্গনের সেই দিনগুলোর কথা, যেন যুদ্ধদিনের চিত্র ভাসছে চোখের সামনে। পিনপতন নীরবতায় শুনলেন বন্ধুরা।
‘কবিতায় ৭১’ শিরোনামের কবিতাপাঠের আসরের আয়োজন করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। ১০ মার্চ নগরের পাঁচলাইশ এলাকায় প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এই কবিতাপাঠের আসরের আয়োজন করা হয়।
মিনহাজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু নুজহাত তাবাসসুমের আবৃত্তির মাধ্যমে। তিনি পাঠ করেন নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি। এরপর আবৃত্তি করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্য আচরারুল হক। বন্ধু সঞ্জয় বিশ্বাসের কণ্ঠে পরিবেশিত সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি। তাঁর আবৃত্তি হৃদয় ছুঁয়ে যায়। আনিসুল হকের ‘মানুষ জাগবে ফের’ কবিতাটি দিয়ে আসর জমিয়ে তোলেন তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশ গুপ্তা।
এরপর মঞ্চে শুরু হয় কথামালা। এই পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন ও প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার।
কবি ওমর কায়সার বলেন, ‘কবিতা আমাদের মনের ভাব প্রকাশ করে দেয়। কবিরা কিছুটা ভিন্নভাবে সবকিছু দেখেন বলেই কবিতার জন্ম হয়।’ কথামালা পর্ব শেষে মঞ্চে আসেন প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পী মনজুর মুন্না। তিনি পরিবেশন করেন আনিসুল হকের মা উপন্যাসের অংশবিশেষ ও ‘মহাকাব্যের ট্র্যাজেডি’। এরপর মঞ্চে ত্রয়ী পরিবেশনা নিয়ে আসেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা। এ পরিবেশনায় অংশ নেন আবৃত্তিশিল্পী শারমীন মৃত্তিকা, তৈয়বা জহির ও সঞ্জয় পাল। তাঁরা পরিবেশন করেন নুরলদীনের সারাজীবন।
এরপর একে একে আবৃত্তি করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু বেনজির বিনতে শওকত, অর্ণা রায়, স্বস্তিকা সেন গুপ্তা, ইব্রাহীম তানভীর, মঈনুল ইসলাম ও জয়শ্রী মজুমদার।