কবিতা-উপন্যাসে প্রতিযোগিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঙলাদেশে ইতিহাস চর্চা ​বদরুদ্দীন উমর,কীর্তিমান বাঙালি সুফিয়া কামাল মালেকা বেগম,বাংলাদেশের পাখি,গণতন্ত্র রিমান্ডে হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম
বাঙলাদেশে ইতিহাস চর্চা ​বদরুদ্দীন উমর,কীর্তিমান বাঙালি সুফিয়া কামাল মালেকা বেগম,বাংলাদেশের পাখি,গণতন্ত্র রিমান্ডে হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম

বাংলা একাডেমি স্টলের সামনে কিছুটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কাউকে যেন খুঁজছিলেন ফারজানা পূর্বা। বুকে আগলে রেখেছেন কতগুলো বই। এসেছেন গোপীবাগ থেকে। জিজ্ঞেস করতেই বললেন, ‘আমার ভাই-আব্বুসহ মেলায় এসেছি। সবাই বিভিন্ন দিকে যার যার বই কিনতে গেছে। বই কেনা হলে এখানে সবার আসার কথা।’
আজ কী কী বই কিনলেন? পূর্বার ঝটপট উত্তর, ‘অনেক বই কিনেছি। মহাশ্বেতা দেবী, সৈয়দ শামসুল হক, আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক, মোহিত কামাল, ইমদাদুল হক মিলন—সবার বই।’
পূর্বার কথা শেষ হতে না-হতেই ছোট ভাই রিশাদ এলেন বাবাকে সঙ্গে নিয়ে। দুই হাতে বই ভরা ব্যাগ।
খোঁজ নিতে গিয়েছিলাম গল্প-কবিতা-উপন্যাস ছাড়া আর কী কী ধরনের বই প্রকাশিত হয়েছে, সেসবের প্রতি পাঠকদের আগ্রহ কেমন, তা জানতে। ঘুরেফিরে আর মেলার আয়োজকদের পরিসংখ্যান দেখে বোঝা গেল, উপন্যাস আর কবিতার বইয়ের রীতিমতো প্রতিযোগিতা চলছে এবারের মেলায়। অতীতের সব হিসাবনিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে আছে কবিতার বই।
পেশাগত কারণে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দীন আহম্মদকে প্রতিদিনই বই প্রকাশের তালিকাটা দেখতে হয়। তাঁর দপ্তরের হিসাবে গতকাল পর্যন্ত এবারের মেলায় প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি, ৫১১টি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে উপন্যাস, ৪২৮টি। গল্প, প্রবন্ধ এবং গবেষণা যথাক্রমে ৩৬০, ১২৬ ও ৫৯টি। তবে তালিকাটি যে চূড়ান্ত নয়, তা নিজেই জানালেন। শুধু তথ্যকেন্দ্রে প্রকাশকদের দেওয়া নতুন বইয়ের তালিকা থেকেই এ প্রতিবেদন করা হয়েছে।
জনসংযোগ বিভাগের তালিকা নিয়ে আবার বেরিয়ে পড়ি। মেলা ঘুরে দেখা গেল, উপন্যাসেরই জয়জয়কার স্টলগুলোতে। অন্তত বিক্রির হিসাবটা তাই বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে তখন সন্ধ্যা নেমেছে। ধুলোকে মেনে নিয়ে অনেকে মুখে মাস্ক নিয়ে ঘুরছেন উদ্যানে। বেশ কয়েকটি স্টলে ভিড় দেখা গেল। মুখে মাস্ক পরেই বিদ্যাপ্রকাশের স্টলে দাঁড়িয়ে নতুন বইয়ে অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন মোহিত কামাল। একজন মনোরোগ চিকিৎসকও তিনি। বিদ্যাপ্রকাশ থেকে এসেছে তাঁর নতুন বই চন্দন রোশনি। গল্পের চেয়ে উপন্যাসের এই পাঠকপ্রিয়তা বেশি হওয়ার কারণ কী হতে পারে—জানতে চেয়েছিলাম তাঁর কাছে। মোহিত কামাল বলছিলেন, ‘মিলন কিংবা বিরহ যা-ই বলেন, মানুষ সবকিছুরই একটা পরিণতি চান। উপন্যাসের একটা পরিণতি থাকে। উপন্যাস যেখানে একটি পুরো বিষয়কে আমাদের সামনে হাজির করে, ছোটগল্প সেখানে খণ্ডিত চিন্তা, টুকরো টুকরো অনুভূতির কথা বলে। এটাই উপন্যাসের বেশি বিক্রি হওয়ার একটা কারণ হতে পারে।’
কবিতা কিংবা গল্পগ্রন্থের চেয়ে উপন্যাস প্রকাশে তাঁরা বেশি উৎসাহী, এই সত্য মেনে নিয়েই তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম বলছিলেন, ‘পাঠকদের চাহিদা বেশি বলেই কবিতার চেয়ে উপন্যাস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনির দিকে ঝোঁকটা আমাদের বেশি।’ তিনি জানালেন, তাঁর প্রতিষ্ঠান থেকে এবারের মেলায় আসা মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস গ্রামের নাম কাঁকনডুবি, আনিসুল হকের উপন্যাস আকাশের ঠিকানায় এবং আহসান হাবীবের সায়েন্স ফিকশন ধুপপুর জঙ্গলে এ্যালিয়েন বেশি বিক্রি হচ্ছে। অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ গল্প, কবিতা কিংবা উপ ন্যাসের পাশাপাশি আজকের পাঠকের মধ্যে গবেষণা কিংবা ইতিহাসনির্ভর প্রকাশনার ঝোঁক দিনে দিনে বাড়ছে বলে মন্তব্য করলেন। কবিতা আর গল্পের চেয়ে উপন্যাসের দিকে পাঠকের ঝোঁক বেশি—এ কথা পুরোপুরি মানতে নারাজ ইত্যাদির জহিরুল আবেদিন। তিনি বলেন, ‘তফাতটা আসলে পাঠকনন্দিত লেখক কিংবা মানসম্মত লেখার।’ তিনি জানালেন, নতুন বই প্রকাশের বেলায় কবিতা, গল্প কিংবা উপন্যাস নয়, পাণ্ডুলিপির মানকেই বেশি গুরুত্ব দেন তাঁরা। পাঠকেরাও গল্প বা উপন্যাস নয়, লেখকের নাম দেখেই বই কেনেন।
একটু পরেই প্রমাণ পেলাম জহিরুল আবেদিনের কথার। মতিঝিল আর কে মিশন রোড থেকে বাবার হাত ধরে এসেছিলেন মৌমিতা দত্ত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। গতকালই প্রথম এসেছেন। চাকুরে মা-বাবা দুজন আলাদা করে বই কিনে দিয়েছেন। তালিকাটা বেশ দীর্ঘ। দ্বিজেন শর্মার গাছ, শাহরিয়ারের মঙ্গল-মিশন থেকে শুরু বেশ কিছু রান্নার বই কিনেছেন তিনি। অন্যদিকে যাত্রাবাড়ী থেকে আসা দিলরুবা সুমীর কেনার তালিকায় সব কটিই ছিল ছেলের পছন্দের বৈজ্ঞানিক কল্পকাহিনি। মুহম্মদ জাফর ইকবালেরসেরিনা ছিল ছেলের প্রথম আবদার।
আর ঘুরিস না রে মা! কথাটা শুনে পেছনে তাকাই। সন্ধ্যা সাড়ে সাতটায় ইস্কাটনের আবদুল মজিদ দুই মেয়েকে নিয়ে বিকেল থেকে ঘুরছিলেন, বই কিনছিলেন। একটু দাঁড়ালেন। এ সুযোগে কথা হলো। জানালেন, দুই মেয়ে ব্যাগ ভরে উপন্যাস কিনলেও ব্যক্তিগতভাবে কবিতাই তাঁর বেশি পছন্দ। ‘কবিতা মানুষের ভাবনাকে উসকে দিতে পারে বেশি মাত্রায়।’
এসেছে আরও নতুন বই: গতকালও মেলা আসা নতুন বইয়ের তালিকায় গল্প-উপন্যাসের তুলনায় এগিয়ে ছিল কবিতা। একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার মেলায় ১২০টি নতুন বই এসেছে। সর্বোচ্চ কবিতা ৩০টি। গল্প এবং উপন্যাস বেরিয়েছে ১৭টি করে। মঙ্গলবার নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ১১টি নতুন বইয়ের মোড়ক।
গতকাল মেলায় কামাল চৌধুরীর কাব্যগ্রন্থ ভ্রমণকাহিনি এনেছে পাঠক সমাবেশ। মাহবুব আলমের হারাধনের দশটি ছেলে ও অন্যান্য এনেছে সুবর্ণ। মযহারুল ইসলামের কালের কড়চা ও দূরে তবু দূরে নয় এনেছে প্যাপিরাস। মুস্তাফিজ শফির কবির বিষণ্ন বান্ধবীরা এনেছে ভাষাচিত্র। পি আর প্ল্যাসিডের এক পলকে ও বিপরীত ভালোবাসা এনেছে শিখা প্রকাশনী। বিধান চন্দ্র পালের স্মৃতিগুচ্ছ এনেছে আগামী। বিজয় প্রকাশ থেকে এসেছে জাকির হোসেন সম্পাদিত আতাউস সামাদ: জীবন ও পেশায়। মীরা প্রকাশন থেকে এসেছে আ. ফ. ম. মোদাচ্ছের আলীর ছড়ায় ছড়ায় বাংলাদেশ।
কাইয়ুম চৌধুরী নিয়ে আলোচনা: বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিল্পী কাইয়ুম চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী রফিকুন নবী। আলোচনায় অংশ নেন মফিদুল হক, মইনুদ্দীন খালেদ ও সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।
প্রাবন্ধিক বলেন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পাথেয় করে সম্ভবত কাইয়ুম চৌধুরীই সবচেয়ে বেশি ছবি এঁকেছেন। কখনো সরাসরি বক্তব্যকে প্রধান করে, কখনো বা প্রতীকী অবয়বে। এই ছবিগুলো দেশের চিত্রকলার ক্ষেত্রে বিশেষ সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। চিত্র ও ব্যক্তিত্বে এমন অসাধারণ সুন্দর মানুষটির কোনো মৃত্যু নেই।