কবিতা-গানে তনু হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংস্কৃতিকর্মী তনু হত্যার বিচারের দাবিতে’ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রতিবাদী অনুষ্ঠান। ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করবে।
গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় কবিতা, গান, নাচ আর বক্তৃতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি করেন সংস্কৃতিকর্মীরা।
উদ্বোধনী পর্বে চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বলেন, তনুর অধিকার আছে বিচার পাওয়ার। তিনি বলেন, হত্যা, ধর্ষণ এগুলো সামাজিক ব্যধি। এগুলো সমাজে ঘটা স্বাভাবিক। কিন্তু এগুলোর সত্যিকার বিচার সম্ভব হলে এসব বারবার ঘটত না।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, এই সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে যে, সরকারের মেরুদণ্ড এত দুর্বল যে তনু হত্যার বিচার করতে পারবে না। সবচেয়ে কঠিন যেসব রাজনৈতিক বিচার, সেগুলো এই সরকারের সময়ই সম্পন্ন হয়েছে। তারপরও হত্যাকাণ্ড বন্ধ হয়নি, এটাই সত্য। এর কারণ মানুষের মূল্যবোধের অবক্ষয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, তনু হত্যা একটি স্বপ্নের অপমৃত্যু।
অনুষ্ঠানে গণসংগীতশিল্পী ফকির আলমগীর নিজের লেখা একটি গান শোনান—‘প্রায় প্রতিদিন কত তনু হচ্ছে দেখ লাঞ্ছিত, হয় না বিচার তাই তনুদের বিচার নয় কি বাঞ্ছিত?’ আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম পাঠ করেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতাটি। কবি মুহাম্মদ সামাদ বলেন, ‘আজ আমার কবির মতোই বলতে ইচ্ছে করে—অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা।’
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এসতেকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান, পথনাটক পরিষদের সভাপতি মান্নান ভূঁইয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আবৃত্তিশিল্পী আশরাফুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক দল নাচ, দলীয় সংগীত ও কবিতা পরিবেশন করে।