কবির শেষযাত্রা
শেষবারের মতো বাড়িতে গেলেন—চিরচেনা বাসায়। আজ দুপুরে। তবে এখানে কবির পদচিহ্ন পড়েনি। কবি ছিলেন সাদা কাফনে জড়ানো, নীরব নিথর। ঘড়ির কাঁটা তখন তিনটা ছুঁই ছুঁই। এরপর শেষ যাত্রা, সাড়ে তিনটায় শ্যামলী মোড় পার হলো শব মিছিল। গন্তব্য মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান।
সকাল ১০টায় কবি রফিক আজাদের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারের পাদদেশে। সেখানে তাঁর মরদেহ গ্রহণ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। এরপর তাঁর মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারের সামনে স্থাপিত শোক বেদিতে। নাগরিক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সকাল ১০টা ২০ মিনিটে মুক্তিযোদ্ধা এ কবিকে গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকা জেলা পরিষদের ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিউগলের করুণ সুর বাজিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। সেই সঙ্গে তাঁর মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্যক্তিগতভাবে কবি রফিক আজাদকে শ্রদ্ধা জানান সৈয়দ শামসুল হক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি হাবিবুল্লাহ সিরাজী, শিল্পী হাশেম খান, মনিরুল ইসলাম, নিসার হোসেন, কথাশিল্পী রশীদ হায়দার, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি নাসির আহমেদ, কামাল চৌধুরী, কাজী রোজী, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, মাহফুজা খানম, মামুনুর রশীদ, শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীরসহ অনেকে।
সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), দৈনিক সমকাল, ছাত্র মৈত্রী, সরকারি তিতুমীর কলেজ, সংস্কৃতি মন্ত্রণালয়, আওয়ামী শিল্পী গোষ্ঠী, গ্রাম থিয়েটার, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, শিল্পীত, পাহাড়ি ছাত্র পরিষদ, স্রোত আবৃত্তি সংসদ, বহ্নিশিখা, শ্রাবণ প্রকাশনী, পথনাটক পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় জাদুঘর, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, গীতিকবি পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, উদীচী, কেন্দ্রীয় খেলাঘর আসর, গণসংগীত সমন্বয় পরিষদ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ইত্যাদি।
শহীদ মিনার থেকে তাঁর মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে তাঁর দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শ্রদ্ধা জানান। বাংলা একাডেমির শ্রদ্ধা নিবেদন শেষে জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে থেকে মরদেহ নেওয়া হয় তাঁর বাসায়, ২টা ৪০ মিনিটে। এখানে আরেকবার জানাজা হয়। সেখান থেকে কবির মরদেহ নিয়ে গাড়িবহর রওনা হয় মিরপুরের উদ্দেশে। পরিবার ও প্রতিবেশী গুণগ্রাহীদের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে। এখানে চিরতরে ঘুমাবেন মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদ।
আরও পড়ুন: