কবির সৃজনশীল কর্মকে ছড়িয়ে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা শিল্পকলা একাডেমিতে  গতকাল আয়োজিত নজরুল সম্মেলনে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী l ছবি: প্রথম আলো
জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল আয়োজিত নজরুল সম্মেলনে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী l ছবি: প্রথম আলো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের কবি। তাঁর লেখনীতে ব্রিটিশবিরোধী আন্দোলন, ধর্মীয় গোঁড়ামি, প্রেম ও শিশুদের কথা ফুটে উঠেছে। কবির সৃষ্টিশীল কর্মকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাঁর গান, নাচ, হামদ, কবিতার চর্চা বেশি বেশি করে করতে হবে। তবেই কবিকে মূল্যায়িত করা সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা পর্যায়ে নজরুল সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই মূল্যায়ন করেন বিদ্রোহী কবিকে। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, নজরুল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুস্তম আলী, বিশিষ্ট নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, আলী হোসেন চৌধুরী, কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন। অন্যায় অনাচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। কুমিল্লায় কবির প্রেম, প্রণয় ও বিয়ে। কবির সৃষ্টিশীল কর্মকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
পরে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। তাদের মধ্যে ১২০ জনকে পুরস্কার দেওয়া হয়।
কুমিল্লার সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা বশিরুল আনোয়ার বলেন, কবি নজরুলকে সারা দেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার জন্য নজরুল ইনস্টিটিউট ওই সম্মেলনের আয়োজন করে। এর মাধ্যমে নজরুলচর্চা আরও বেগবান হবে।