কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে রিটের প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীর কবিরহাটে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রিট মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ স্থানীয় কবিরহাট বাজারে দীর্ঘ মানববন্ধন রচনা করে। পরে মিছিলযোগে তারা বাজার প্রদক্ষিণ করে। সন্ধ্যায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মফিজ উল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্লা, চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, ধানশালিক ইউনিয়নের ইয়াকুব নবী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, কবিরহাট পৌর এলাকার ফতেহজঙ্গপুরে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য সরকার পাঁচ একর ভূমি অধিগ্রহণ করেছে। অধিকাংশ জমির মালিক ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেছেন। কিন্তু কমপ্লেক্সটি নির্মাণে বাধা দেওয়ার জন্য বেলায়েত হোসেন নামের একজনকে বাদী বানিয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী ও কবিরহাটের সাবেক সাংসদ মওদুদ আহমদের এতে ইন্ধন রয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।এদিকে, মওদুদ আহমদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, এ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ তাঁর সময়েই নেওয়া হয়েছে।