কবিরহাট কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজে গতকাল বুধবার ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওমর কাজি, অাহম্মদ উল্লা, আবদুল্লাহ আল-মামুন, নজরুল ইসলাম, দিদারুল আলম এবং ছাত্রলীগের কলেজ শাখার প্রচার সম্পাদক জাবেদ আলম ও কর্মী আবদুল জলিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ছাত্রদলের কর্মীরা দলবল নিয়ে কলেজ ক্যাম্পাসে যান৷ একপর্যায়ে তাঁরা কলেজের মাঠে অবস্থান নেন৷ বেলা ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে ছাত্রদলের কর্মীদের কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ পরে উভয় পক্ষের কর্মীরা কবিরহাট বাজারে গিয়ে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এ সময় বাজারের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমানের অভিযোগ, তাঁরা কলেজের মাঠে বসে কথা বলছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। এ ঘটনার পর তাঁরা কবিরহাট বাজারে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা চালানো হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, একাদশ শ্রেণীর ছাত্ররা কলেজের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ছাত্রদলের কর্মীরা সেখানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালালে মারামারি বাধে। এতে ছাত্রলীগের কয়েকজন আহত হয়েছেন।
ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম প্রথম আলোকে তিনি বলেন, কলেজের মাঠে রোদ পোহানো নিয়ে ঘটনার সূত্রপাত৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।