কবিরহাটে আ.লীগ প্রার্থীকে জয়ী ঘোষণা, বিএনপির বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট পৌরসভার স্থগিত কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। তবে সকালে বিএনপি-সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। ওই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত জহিরুল হক ৯১২ ও বিএনপি-সমর্থিত ফখরুল ইসলাম পান ১৫৯ ভোট। বেসরকারি ফলাফলে জহিরুল হক মেয়র নির্বাচিত হয়েছেন। ফলাফলে জহিরুল হক মোট চার হাজার ৬৫৪ আর ফখরুল তিন হাজার ৭৫৩ ভোট পান। জহিরুল হক ৯০১ ভোটে জয়ী হন। এদিকে ব্যাপক হট্টগোল ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে পুনঃ নির্বাচন স্থগিত করা হয়েছে।কবিরহাট পৌরসভার বিএনপি-সমর্থিত প্রার্থী বিকেলে জেলা শহরের ফকিরপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহানের বাসভবনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর পুলিশ কেন্দ্রের ভেতর থেকে তাঁর পুলিং বুথের প্রতিনিধি আবুল কাসেমকে গ্রেপ্তার করে। সকাল ১০টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা আমাকে, আমার স্ত্রীকে ও প্রধান নির্বাচনী এজেন্ট তাছলিমা আক্তারকে এবং কিছুক্ষণ পর আমার বাকি তিন প্রতিনিধিকে কেন্দ্র থেকে বের করে দেয়। তাই সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ভোট বন্ধ ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করি।’রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সকালের দিকে বিএনপি প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু অভিযোগের সত্যতা পাইনি। বেলা দেড়টা পর্যন্ত তাঁর এজেন্টদের কেন্দ্রে দেখেছি।’কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন দাস গুপ্ত বলেন, গ্রেপ্তার করা আবুল কাশেম পোলিং এজেন্ট ছিলেন না। তাঁকে একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।বারইয়ারহাট: দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ কুতুব ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নির্বাচন কেন্দ্রে হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের জন্য প্রিসাইডিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ফখরুল আলম ও বিষ্ণু প্রসাদ দত্ত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রিসাইডিং কর্মকর্তা মো. হারুন উর রশিদ জানান, ওই ওয়ার্ডের মোট ভোট এক হাজার ২৫। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬৪৫টি ভোট পড়ে। এরপর ভোটার সেজে আট-দশজন তরুণ কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তাদের একজন বিইসি ০৫৮৭৮৫ নন্বর ব্যালট বাক্স মাটিতে আছড়ে ভেঙে ফেলে। অন্যরা ওই বাক্স থেকে ১৫-২০টি ব্যালট পেপার এবং কেন্দ্রের দুই নম্বর বুথ থেকে ০০২৭৪৪-০০২৮০০ সিরিয়ালের ৫৭ পাতার একটি ব্যালট পেপার ছিনতাই করে। এ সময় বাধা দিতে চাইলে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এরপরই ভোট গ্রহণ স্থগিত করা হয়।