কবিরহাটে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামের বর্গাচাষি রুহুল আমিন হত্যা মামলায় দুই পিতা-দুই পুত্রসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল হাসেম ও তাঁর ছেলে নুরন্নবী, আবদুল হক ও তাঁর ছেলে মো. রাসেল এবং আবদুর রহিম। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আবুল হাসেম ছাড়া অন্য আসামিরা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৭ জানুয়ারি কৃষক রুহুল আমিনকে পিটিয়ে হত্যা করেন আসামিরা। ঘটনার পরদিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কবিরহাট থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দিলেন আদালত।