কবিরহাটে বিএনপি ছাত্রলীগের সংঘর্ষে আহত ৮
নোয়াখালীর কবিরহাটে গত শুক্রবার রাতে বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রদলের প্রকাশনা সম্পাদক মনিরুল হক ওরফে রিংকু (২৫), পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে সুমন (২২) ও ছাত্রলীগের কবিরহাট ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে ফারুককে (২২) নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, রাত আটটার দিকে তাঁরা দলীয় কর্মীদের নিয়ে তাঁর বাড়ির পাশের চা-দোকানে বসে আড্ডা দেওয়ার সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ারের নেতৃত্বে ফারুক, নজরুল, রাজু, মাসুদসহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিএনপির কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা করেনি।