কবিরহাটের পাঠকেরা কাল প্রথম আলো পড়তে পারেননি
নোয়াখালীর কবিরহাট উপজেলার পাঠকেরা গতকাল রোববার প্রথম আলো পড়তে পারেননি। গতকাল সকালে কবিরহাট বাজারে প্রথম আলো পৌঁছামাত্র কয়েকজন যুবক সব পত্রিকা নিয়ে যায়।গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘“পারিবারিক স্থানীয় সরকার” বনাম রুগ্ণ আ.লীগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর পরিবারের সদস্যদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সাংসদ একরামুল করিমের পরিবারের সদস্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশে একদল যুবক প্রথম আলোর প্যাকেট নিয়ে যায়। এতে ৭২ কপি পত্রিকা ছিল। এ খবর ছড়িয়ে পড়লে প্রকাশিত সংবাদ পড়তে লোকজন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ভিড় করেন। অনেকে প্রথম আলোর অনলাইন সংস্করণ এবং ই-প্রথম আলোর কপির প্রিন্ট নিয়ে পড়েন।