কবিরাজ অ্যাসিডে ঝলসে দিলেন এক ব্যক্তির পা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে চিকিৎসার নামে অ্যাসিড জাতীয় তরল দাহ্য পদার্থ দিয়ে মোস্তফা কামাল নামের এক ব্যক্তির পা ঝলসে দিয়েছেন কথিত এক কবিরাজ। এ ঘটনায় আহত মোস্তফাকে গতকাল শনিবার বেলা তিনটায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তফা কামাল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তিনি শিবপুরের চৈতন্য এলাকার জামাল উদ্দিন খাঁর ছেলে। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মীর দায়িত্বে কর্মরত আছেন।
মোস্তফা কামালের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ মাসের শুরুতে মোস্তফা কামাল ডান পায়ে ব্যথা অনুভব করেন। এ জন্য তিনি ৩ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী ইটনা এলাকার আসাদ মিয়ার বাড়িতে অবস্থান নেওয়া সামসুর রহমান নামের এক কবিরাজের কাছে যান। সামসুরের বাড়ি রায়পুরা উপজেলার আদিয়াবাদ এলাকায়। ৪ ফেব্রুয়ারি দুপুরে সামসুর ও আসাদ মিয়া ব্যথার ওষুধ হিসেবে অ্যাসিড জাতীয় তরল দাহ্য পদার্থ মোস্তফার ডান পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ঢেলে দেন। কয়েক মিনিটের মধ্যে পায়ের ওই অংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু মোস্তফার আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি বাড়ি ফিরে গতকাল নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় মোস্তফা শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মিজানুর রহমান বলেন, ‘অনেক দেরি করে রোগীকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে তাঁর উন্নত চিকিৎসা করানো হবে।’
আসাদ মিয়া বলেন, ‘কবিরাজ আমার বাড়িতে এসে চিকিৎসা করত। তাঁর বাড়ি রায়পুরার আদিয়াবাদে। আর কিছু জানি না। কবিরাজের মোবাইল নম্বরও নাই যে যোগাযোগ করমু।’
শিবপুর থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ভুক্তভোগী ব্যক্তিরা যাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন তদন্তে দেখা গেছে, তিনি বাড়ির মালিক। তিনি তো আর চিকিৎসা করেননি। এখন কবিরাজের বিরুদ্ধে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।